জাতীয় লিগের প্রথম রাউন্ডে মুশফিক-তামিম
১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম রাউন্ডে অংশ নেবেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে যাওয়ায় জাতীয় দলের অনেকেই অবশ্য এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটটি দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। এবারও ঢাকা মেট্রো অংশ নিচ্ছে জাতীয় লিগে। বাকি সাতটি দল হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেট বিভাগ।
প্রথম রাউন্ডে রংপুর ও ঢাকা মেট্রো বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে, খুলনা ও ঢাকা বিভাগ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে, রাজশাহী ও বরিশাল বিভাগ রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগ ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে।
মাহমুদউল্লাহ ঢাকা মেট্রো, মুশফিক রাজশাহী, তামিম চট্টগ্রাম, মুস্তাফিজুর রহমান খুলনা এবং সোহাগ গাজী বরিশালের হয়ে অংশ নেবেন প্রথম রাউন্ডে।

ক্রীড়া প্রতিবেদক