ভারতের ভিসা জটিলতায় হিথ স্ট্রিক
তিনটি ওয়ানডে ও দুটি তিনদিনের ম্যাচ খেলতে সোমবার সকালে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি কোচ হিথ স্ট্রিক। ফিজিও ব্রেট হ্যারেপও ভারতে যাওয়ার ছাড়পত্র পাননি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ‘ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি কোচ ও ফিজিও। তবে দু-একদিনের মধ্যেই তাঁদের ভিসা পাওয়ার কথা। তারপরই ভারতের উদ্দেশে রওনা দেবেন তাঁরা।’
ভারতের ‘এ’ দলের বিপক্ষে ১৬, ১৮ ও ২০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। তিনটি ম্যাচই হবে বেঙ্গালুরুতে। প্রথম তিন দিনের ম্যাচটি হবে মহীশূরে। ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক। বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় তিনদিনের ম্যাচটি শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে।
৩০ সেপ্টেম্বর ‘এ’ দলের দেশে ফেরার কথা।
বাংলাদেশ ‘এ’ দল : মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক, রনি তালুকদার, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকলাইন সজীব, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, শুভাগত হোম ও জুবায়ের হোসেন।

ক্রীড়া প্রতিবেদক