রূপগঞ্জের জয়রথ ছুটছেই
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ ফর্মের ধারাবাহিকতা ধরে রেখে সপ্তম জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে বিকেএসপিকে পাঁচ উইকেটে পরাজিত করেছে নাঈম ইসলামের দল। টস জিতে ফিল্ডিং করতে নেমে ভারতীয় অলরাউন্ডার ঋষি ধাওয়ানের বোলিং নৈপুণ্যে বিকেএসপির যুবাদের মাত্র ১৮১ রানে আটকে দেয় রূপগঞ্জ। জবাবে ব্যাটিং করতে নেমে জাতীয় দলের তারকা মুমিনুল হকের দুরন্ত ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় লিজেন্ডরা।
ফতুল্লায় টসে জিতে বিকেএসপিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রূপগঞ্জের অধিনায়ক নাঈম। শুরুটা দেখেশুনে করেন বিকেএসপির দুই ওপেনার। ইনিংসের ষষ্ঠ ওভারে ফাহাদ আহমেদকে আউট করে রূপগঞ্জকে প্রথম ব্রেক থ্রু এনে দেন ধাওয়ান। এ সময় বিকেএসপির সংগ্রহ ছিল ২৬ রান। দ্বিতীয় উইকেট জুটিতে আরেক ওপেনার নাবিলকে নিয়ে দলের শতরান পূর্ণ করেন ওয়ানডাউনে নামা শামিম হোসেন। দলীয় ১০৩ রানে ৩৮ রান করা নাবিলের আউটের পর স্কোরবোর্ডে আর মাত্র ২০ রান যোগ করতেই আউট হয়ে যান অধিনায়ক আকবর আলী ও ইনিংসের সর্বোচ্চ ৫২ রান করা শামিম। তখনো বিকেএসপির ইনিংসের প্রায় ১১ ওভার বাকি ছিল। তবে মিডল ও লেট অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় আরো পাঁচটি উইকেট হারালেও স্কোরবোর্ডে মাত্র ৪৮ রান যোগ করতে সমর্থ হয় দলটি। রূপগঞ্জের পক্ষে ৫১ রান খরচায় পাঁচটি উইকেট নেন ঋষি ধাওয়ান।
১৮২ রানের সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারে দলীয় নয় রানে সম্ভাবনাময় ওপেনার মোহাম্মদ নাঈমের উইকেট হারায় রূপগঞ্জ। দ্বিতীয় উইকেট জুটিতে মেহেদী মারুফকে নিয়ে ৬৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামাল দেন মুমিনুল হক। ২৭ রান করে মেহেদী মারুফ আউট হলে অধিনায়ক নাঈম ইসলামের সঙ্গে ৮৮ রানের জুটি গড়েন মুমিনুল। জয় থেকে মাত্র ১৭ রান দূরে থাকতে সুমন খানের বলে বোল্ড হয়ে যান নাঈম। এর তিন রান পরে বড় হতাশা হয়ে আসে দারুণ খেলতে থাকা মুমিনুলের আউটটা। সেঞ্চুরি থেকে মাত্র সাত রান দূরে থাকতে ১১২ বলে ৯৩ রান করে ক্যাচ আউট হয়ে যান বাঁহাতি এই ব্যাটসম্যান।
ঠিক পরের ওভারে স্কোরবোর্ডে এক রান যোগ হতেই জাকের আলী ফিরে যান রানের খাতা খোলার আগেই। তবে ধাওয়ানকে নিয়ে ঠাণ্ডা মাথায় জয়ের জন্য বাদবাকি ১৩ রান তুলে নেন অভিজ্ঞ শাহরিয়ার নাফিস। পাঁচ ওভার ও পাঁচ উইকেট হাতে রেখেই ১৮২ রান তুলে টানা জয়ের হাসি হাসে রূপগঞ্জ।
দারুণ বোলিংয়ের পুরস্কার হিসেবে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন রূপগঞ্জের ভারতীয় অলরাউন্ডার ঋষি ধাওয়ান। আট খেলায় সপ্তম জয় নিয়ে এখন শীর্ষে থাকা আবাহনীর সমান ১৪ পয়েন্ট তাদের। তবে রানরেটে পিছিয়ে থাকায় আপাতত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রূপগঞ্জ।

স্পোর্টস ডেস্ক