আইপিএল দেখল অবিশ্বাস্য এক ম্যাচ!
আইপিএলের সোমবার রাতে দর্শকদের যেন অবিশ্বাস্য নাটকীয়তা উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়রা। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও মাঠের বাইরে টিভি সেটের সামনে কোটি কোটি দর্শক দেখল রোমাঞ্চকর এক লড়াই। রান তাড়া করতে নামা দিল্লির জয়ের জন্য শেষ চার ওভারে প্রয়োজন ছিল ৩০ রান, হাতে সাতটি উইকেট। এমন ম্যাচে ১৪ রানের জয় পেয়ে সবার চোখ ছানাবড়া করে দিয়েছে পাঞ্জাব। কিংসদের জয়ের নায়ক বাঁহাতি ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান।
কুরানের হ্যাটট্রিকে মাত্র ১৭ বলের মধ্যে দিল্লি হারিয়ে ফেলে শেষ সাতটি উইকেট। এ সময় শ্রেয়াস আয়ারের দল তুলতে পারে মাত্র ৮ রান। ফলে নিশ্চিত পরাজয়ের দিকে এগোতে থাকা কিংস ইলেভেন ম্যাচটা জিতে যায় ১৪ রানে। ইনিংসের অষ্টাদশ ওভারের শেষ বলে হার্শাল প্যাটেলকে উইকেটরক্ষক রাহুলের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে পাঠান কুরান। ইনিংসের শেষ ওভারের প্রথম দুই বলে কাগিসো রাবাদা আর সন্দীপ লামিচানেকে বোল্ড করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইংলিশ অলরাউন্ডার। ততক্ষণে অবিশ্বাস্য জয়ের উল্লাসে মেতে উঠেছে পাঞ্জাব।
তবে নাটকটা শুরু হয় দিল্লির ইনিংসের ১৭তম ওভারে। ভারতের জাতীয় দলের তারকা পেসার মোহাম্মদ শামির করা ওভারের তৃতীয় বলটা ছিল স্লোয়ার। আগেই বলটা বুঝতে পেরে মিড উইকেটের ওপর দিয়ে দারুণ ছক্কা হাঁকান নতুন তারকা ঋষভ পান্ত। ৯০ মাইল গতির ঠিক পরের বলটাতে পান্তকে সরাসরি বোল্ড করে দুর্দান্ত জবাব দেন শামি। এর ঠিক পরের বলে প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিস রানআউট হলে ম্যাচ জমে যায়। পুনরায় বোলিংয়ে এসে ১৯তম ওভারের তৃতীয় বলে হনুমা বিহারিকে আবারও ৯০ মাইল গতিতে পরাস্ত করে বোল্ডআউট করেন শামি। বাদবাকি কাজটুকু হ্যাটট্রিকের উল্লাসের সঙ্গেই সেরে ফেলেন স্যাম কুরান।
এর আগে টসে হেরে ক্রিস গেইলকে ছাড়া খেলতে নামা পাঞ্জাব প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬৬ রানের মাঝারি স্কোর দাঁড় করায়। প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার ৩০ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন। চার নম্বরে নেমে ২৯ বলে ৩৯ রান করেন সরফরাজ খান। চমক দিয়ে ওপেনিংয়ে নামা স্যাম কুরান ১০ বল খেলে তিনটি চার ও এক ছক্কায় করেন ২০ রান। দিল্লির হয়ে ক্রিস মরিস ৩০ রান খরচায় নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন কাগিসো রাবাদা আর সন্দীপ লামিচানে।
রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই অশ্বিনের বলে আউট হয়ে যান পৃথ্বী শ। এরপর শিখর ধাওয়ান, ঋষভ পান্ত ও কলিন ইনগ্রামের তিনটি ত্রিশোর্ধ্ব ইনিংস ও অধিনায়ক শ্রেয়াস আয়ারের ২৮ রানে ভর করে জয়ের কক্ষপথেই ছিল দিল্লি ক্যাপিটালস। একটা সময় দিল্লির স্কোর ছিল ৩ উইকেটে ১৪৩ রান। তবে এরপরই পাঞ্জাবের বোলিং চমকে মুড়ি-মুড়কির মতো উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় ক্যাপিটালস।
ব্যাট হাতে দ্রুতগতির ২০ রান আর বোলিংয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়ে অবধারিতভাবেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান।

স্পোর্টস ডেস্ক