ইংরেজ দর্শকরা ‘নির্বোধ’
ইংরেজ দর্শকদের ‘নির্বোধ’ বলে অভিহিত করেছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের ম্যানেজার জেমস আরস্কাইন। তিনি জানান, বিশ্বকাপের ম্যাচ খেলতে ওয়ার্নারকে দুয়ো দিয়ে ইংরেজ দর্শকরা উল্টো তাঁকে আরও তাতিয়ে দিয়েছেন।
বল ট্যাম্পারিংয়ের কারণে ১২ মাসের নিষেধাজ্ঞা শেষে, ব্রিস্টলে গত শনিবার (১ জুন) আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামা ওয়ার্নারকে ইংরেজ দর্শকদের দুয়ো শুনতে হয়। তবে, ওয়ার্নারের পারফরম্যান্সে তাতে কোনো প্রভাব পড়েনি। অপরাজিত ৮৯ রান করে ম্যাচ সেরা হন ওয়ার্নার।
আরস্কাইন বলেন, ‘আমি নিজে একজন ইংরেজ। দর্শকদের এমন নির্বোধের মতো আচরণ আদতে ওকে (ওয়ার্নার) সাহায্যই করেছে।’
‘ওরা (দর্শকরা) শিগগিরই বুঝতে পারবে যে কার সঙ্গে এমন করছে। ওয়ার্নার এমন একজন ক্রিকেটার যাঁর মনোঃসংযোগ করার ক্ষমতা আছে, প্রবল ইচ্ছা শক্তি আছে। ঠিক যেমনটা স্টিভ ওয়াহর ছিল।’
কেপ টাউন টেস্টে বল ট্যাম্পারিংয়ের ঘটনায় দোষী অন্য দুই অজি ক্রিকেটার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট গণমাধ্যমের কাছে বল ট্যাম্পারিংয়ের বিষয়ে সাক্ষাৎকার দিলেও এ নিয়ে কখনোই মুখ খোলেননি ডেভিড ওয়ার্নার।
বিশ্বকাপে এসেও চুপই আছেন তিনি। এমনকি ম্যাচ শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার হাতে নেওয়ার পরে অনুষ্ঠান সঞ্চালকের সঙ্গে কথা বলার যে রেওয়াজ প্রচলিত আছে, তা এড়িয়ে যান ওয়ার্নার।
ওয়ার্নারের ম্যানেজার অবশ্য এর পেছনে যুক্তি খাড়া করেছেন।
আরস্কাইন বলেন, ‘কথা বলার কোনো মানেই হয় না। আর বলার মতোই বা কী ছিল?’
‘আমার মনে হয় ইংল্যান্ড বা অন্য বড় কোনো দলের বিপক্ষে শতরান পেলে সেটা নিয়ে হয়তো তখন কথা বলা যাবে।’
‘আমি আগেও বলেছি, এখনো বলছি, অন্য অনেকের দায় নিজেদের ওপর নিয়েছে ওরা (ওয়ার্নার ও স্মিথ) এবং শাস্তিও পেয়েছে।’
‘এখন মাঠে নেমে ভালোটাই তাঁদের লক্ষ্য এবং তাঁরা ভালো খেলবেন বলেই মনে হচ্ছে।’
আগামী বৃহস্পতিবার (৬ জুন) নটিংহামে ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করবে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক