নেপালের শেন ওয়ার্ন!
অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নকে আদর্শ মেনেই ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন নেপালের সন্দ্বীপ লামিচানে। কয়েক ধাপ হেঁটে এসে বল ডেভিভারির সঙ্গেও মিল আছে ওয়ার্ন আর লামিচানের। শুধু বোলিং অ্যাকশন দিয়েই নয়, বল বাঁক নেওয়ানোর ক্ষেত্রেও দুজনের আছে অনেক মিল। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি তাই লামিচানেকে ডাকছে ‘নেপালের শেন ওয়ার্ন’ বলে!
পাকিস্তানের বিপক্ষে প্লেট পর্বের সেমিফাইনালে দারুণ এক ডেভিভারি দিয়ে ওয়ার্নের কথাই মনে করিয়ে দিয়েছেন লামিচানে। ওয়ার্নের বল খেলতে গিয়ে ব্যাটসম্যানরা যে রকম হতভম্ব হয়ে যেতেন, ঠিক তেমনভাবেই লামিচানের দুর্দান্ত এই বল খেলতে গিয়ে পুরোপুরি বোকা বনে গেছেন পাকিস্তানের সাইফ বদর। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে তিনটি উইকেটও নিয়েছেন এই নেপালের শেন ওয়ার্ন।
এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে লামিচানে অবশ্য চমক আরো আগেই দেখিয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে করেছেন হ্যাটট্রিক। যুব বিশ্বকাপের পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করার বিরল কৃতিত্ব অর্জন করেছেন এই লেগস্পিনার। সেই ম্যাচে ১০ ওভার বল করে মাত্র ২৭ রানের বিনিময়ে লামিচানে নিয়েছিলেন পাঁচটি উইকেট। নিউজিল্যান্ডের পর আয়ারল্যান্ডকেও হারিয়ে নেপাল পেয়েছিল কোয়ার্টার ফাইনালের টিকিট। এবারের বিশ্বকাপে লামিচানে ছাড়া আর মাত্র দুজন বোলার নিতে পেরেছেন এক ম্যাচে পাঁচ উইকেট।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় লামিচানের নাম আছে প্রথম সারিতে। পাঁচ ম্যাচে এই লেগস্পিনার নিয়েছেন ১১টি উইকেট। সর্বোচ্চ ১২টি উইকেট নিয়েছেন ফিজির তিকোইসুভা ও ইংল্যান্ডের সাকিব মাহমুদ।
দেখুন লামিচানের সেই দুর্দান্ত ডেলিভারিটি :

স্পোর্টস ডেস্ক