জ্বলে উঠলেন সাকিবও
আইপিএলের এবারের আসরে বল হাতে কিছুটা সাফল্য পেলেও ব্যাট হাতে একেবারেই নিষ্প্রভ ছিলেন এ সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন ইনিংসে করতে পেরেছিলেন মাত্র ২০ রান।
অবশেষে মুস্তাফিজের মতো আজ বাঁ-হাতি সাকিবও গুজরাট লায়নের বিপক্ষে রানখরা কাটাতে পেরেছেন। দলের দুঃসময়ে খেলেছেন ৪৯ বলে ৬৬ রানের দারুণ এক ইনিংস। শুরুতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও সাকিবের ব্যাটে ভর করে কলকাতা নাইট রাইডার্সের স্কোরবোর্ডে জমা হয়েছে ১৫৮ রান।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ছয় ওভারের মধ্যে মাত্র ২৪ রান সংগ্রহ করতেই কলকাতা হারিয়েছিল চার চারটি উইকেট। একে একে সাজঘরে ফেরেন গৌতম গম্ভীর, মণীষ পাণ্ডে, রবিন উথাপ্পা ও সূর্যকুমার যাদব। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যে শক্তভাবে দলের হাল ধরেছিলেন সাকিব। পঞ্চম উইকেটে ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে তিনি গড়েছেন ১৩৪ রানের দারুণ জুটি।
শুরুটা ধীরগতিতে করলেও শেষপর্যায়ে গুজরাটের বোলারদের ভালোই ভুগিয়েছেন সাকিব। ৬৬ রানের ইনিংসটি খেলার পথে মেরেছেন চারটি চার ও চারটি ছয়। কলকাতার পক্ষে এটা ছিল সর্বোচ্চ রানের ইনিংস। ৪১ বলে ৬৩ রানের ইনিংস এসেছে পাঠানের ব্যাট থেকে।
এর আগে আইপিএলে রানখরায় ভুগতে থাকায় পুরোনো গুরু সালাউদ্দিনের শরণাপন্ন হয়েছিলেন সাকিব। গোপনে ঢাকায় এসে অনুশীলনও করে গেছেন দুদিন। আর তার সুফলটাও দারুণভাবে পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। গুজরাটের বিপক্ষে ৬৬ রানের ইনিংসটি খেলার পথে অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন সাকিব। সপ্তম ওভারে থার্ড ম্যানে সাকিবের ক্যাচ ফেলেছিলেন প্রাভিন টাম্বে। সেই সুযোগটা কাজে লাগাতে কোনো ভুল হয়নি সাকিবের।

স্পোর্টস ডেস্ক