আবারও হারল মাশরাফির কলাবাগান
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম চারটি ম্যাচেই হেরেছিল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন কলাবাগান ক্রীড়াচক্র। গত শুক্রবার ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ৪৯ রানের জয় দিয়ে ঘুরে দাঁড়ালেও আজ আবারও হারের মুখ দেখেছে মাশরাফির দল। অলোক কাপালির গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে কলাবাগান হেরেছে ছয় উইকেটে।
টস জিতে ফিল্ডিংয়ে নেমে দারুণ বোলিং করে দলের জয়ের কাজটা অনেকখানি এগিয়ে রেখেছিলেন গাজী গ্রুপের বোলাররা। ৪৮.৪ ওভার ব্যাটিং করেই কলাবাগানের ইনিংস গুটিয়ে গিয়েছিল ২২৩ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংসটি এসেছিল তাসমাউল হকের ব্যাট থেকে। ৪০ রান করেছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। শেষপর্যায়ে আবদুর রাজ্জাক খেলেছিলেন ১৮ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস। গাজী গ্রুপের পক্ষে তিনটি উইকেট নিয়েছিলেন অধিনায়ক কাপালি। দুটি করে উইকেট গিয়েছিল সাঈদ আনোয়ার জুনিয়র ও মমিনুল ইসলামের ঝুলিতে।
২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৫৫ রান জমা করেছিলেন গাজী গ্রুপের দুই ওপেনার এনামুল হক ও শামসুর রহমান। ২৮তম ওভারে ৭০ রান করে এনামুল সাজঘরে ফিরে যান আহত হয়ে। ৩১তম ওভারে মাশরাফির শিকারে পরিণত হওয়ার আগে শামসুর করেছেন ৭৫ রান। এই দুজনের ব্যাটে ভর করেই জয় প্রায় নিশ্চিত করে ফেলে গাজী গ্রুপ। শেষপর্যায়ে ভালো বোলিং করে দলকে জেতানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন মাশরাফি। কিন্তু সফল হতে পারেননি। ৪৫.৩ ওভার ব্যাটিং করেই জয়ের বন্দরে পৌঁছে গেছে গাজী গ্রুপ। ১০ ওভার বল করে ৪৩ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়েছেন মাশরাফি।
প্রিমিয়ার লিগের অপর ম্যাচে মাহমুদউল্লাহর দারুণ শতকে ভর করে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ৯০ রানের বড় জয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

স্পোর্টস ডেস্ক