ব্যাটসম্যান তাসকিনেও রক্ষা হলো না
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী লিমিটেডের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় মাত্র ১৫ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে তামিম ইকবালের দল। এই অবস্থা থেকে দলকে টেনে তুলতে অন্যতম ভূমিকা রাখেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হাসেন শাস্ত।
শুধু তাই নয়, নিচের সারিতে ব্যাট করতে নেমে তাসকিন আহমদ দারুণ একটি ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ এই পেসারের ব্যাট হাতের দারুণ সাফল্যে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সামনে ১৮৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে আবাহনী।
কিন্তু ব্যাটসম্যান তাসকিনের দৃঢ়তায়ও রক্ষ হয়নি নীল-আকাশি শিবিরের। আট উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তারা।
লক্ষ্য খুব একটা বড় নয়, তাই মোহামেডানকে জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি। শ্রীলঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও ওপেনার এজাজ আহমেদের ব্যাটিং দৃঢ়তায় সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে সাদা-কালোর শিবির।
অবশ্য থারাঙ্গার সামনে প্রতিপক্ষ বোলাররা একরকম অসহায় ছিল। ৭৭ রানের দারুণ ইনিংসটি খেলতে ১০৫ বল খরচ করলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি।
তাসকিন ও অমিত একটি করে উইকেট নিয়েও দলের হার এড়াতে পারেননি।
এই জয়ের ফলে মুশফিকের মোহামেডানের শীর্ষস্থান অক্ষুণ্ণ থাকছে। তাদের সংগ্রহ ছয় ম্যাচে ১০ পয়েন্ট। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আবাহনী আছে ষষ্ঠ স্থানে।

ক্রীড়া প্রতিবেদক