মুস্তাফিজের এক উইকেট, সাকিবের ৭ রান
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা বেশ উজ্জীবিতই ছিলেন এদিন। সানরাইজার্স হায়দরাবাদের প্রায় প্রত্যেক বোলারের ওপর অনেকটা চড়াও হয়ে খেলেছেন তাঁরা। বাদ যাননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও। চার ওভার বল করে এক উইকেট নিয়েছেন তিনি, কিন্তু এই বাঁহাতি পেসার খরচ করেছেন ৩২ রান।
মুস্তাফিজ কিছুটা সাফল্য পেয়েছেন ঠিক, কিন্তু কলকাতার বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে একেবারেই ব্যর্থ হয়েছেন। আজ রোববার হায়দরাবাদের বিপক্ষে এই ম্যাচে ১০ বলে মাত্র ৭ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।
সাকিব সব মিলিয়ে সাত ইনিংস ব্যাটিং করে সংগ্রহ করেছেন ১১৪ রান। অবশ্য এবারের আইপিএলের মৌসুমটা খুব একটা ভালো কাটছে না তাঁর। শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে একেবারেই সফল হতে পারেননি এ সময়ের অন্যতম সেরা এ অলরাউন্ডার। গত ৮ মে গুজরাট লায়নসের বিপক্ষে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলে ফর্ম-খরা কাটিয়েছেন তিনি।
সে হিসেবে মুস্তাফিজ ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছেন। প্রায় প্রতি ম্যাচেই নিয়ন্ত্রিত বোলিং করে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চাপের মুখে রেখেছিলেন বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার। ১৬ উইকেট নিয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় মুস্তাফিজের নাম আছে চতুর্থ স্থানে। সর্বোচ্চ ১৮টি উইকেট নিয়েছেন তাঁরই সতীর্থ ভুবনেশ্বর কুমার।
টসে হেরে কলকাতা প্রথমে ব্যাট করতে নেমে ১৭১ রান করে। ইউসুফ পাঠানের হার-না-মানা ৫২ রান দলীয় সর্বোচ্চ।

ক্রীড়া প্রতিবেদক