কোহলি বিশ্রামে, জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন ধোনি
বয়স হয়ে গেছে প্রায় ৩৫ বছর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কবে নেবেন, সেই গুঞ্জন বেশ ভালোমতোই চলছে ভারতের ক্রিকেট অঙ্গনে। কিন্তু অনেক তরুণ খেলোয়াড়ের চেয়েও যে ফিট অবস্থায় আছেন, সেটা প্রমাণ করতেই যেন বিশ্রামের কথা ভুলেও মাথায় আনছেন না মহেন্দ্র সিং ধোনি। আইপিএল শেষ করেই রওনা দিচ্ছেন জিম্বাবুয়ের উদ্দেশে। ধোনির নেতৃত্বে একেবারে নতুন একটি দল নিয়ে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে ভারত।
এ বছরের শুরু থেকেই বেশ ব্যস্ত সময় কাটাতে হচ্ছে ভারতের ক্রিকেটারদের। অস্ট্রেলিয়া সফর, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শুরু হয়েছিল ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএল। টানা পাঁচ মাসের ব্যস্ত সূচির পরও দম ফেলার সময় পাচ্ছেন না ভারতের ক্রিকেটাররা। আইপিএল শেষ করেই আবার রওনা দিতে হচ্ছে জিম্বাবুয়েতে। একটানা খেলার ধকল কাটিয়ে উঠতে তাই বিরাট কোহলিসহ অনেক তারকা খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েছেন ভারতের নির্বাচকরা। ধোনিও চাইলে বিশ্রামের আবেদন করতে পারতেন। কিন্তু সেটা না করে জিম্বাবুয়ে সফরে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক।
জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে ধোনিই একমাত্র অভিজ্ঞ ক্রিকেটার। ধোনি ও আম্বাতি রাইডু ছাড়া আর কেউই খেলেননি ১০টির বেশি ওয়ানডে ম্যাচ। ধোনি খেলেছেন ২৭৫টি ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি। আর দলের বাকি ১৫ জন মিলে খেলেছেন ৮৩টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি।
প্রায় সবাই দলে সুযোগ পেয়েছেন আইপিএলে ভালো নৈপুণ্য দেখিয়ে। আইপিএলে খেলেননি এমন খেলোয়াড় আছেন মাত্র একজন। ফয়েজ ফজল। প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে ভালো নৈপুণ্য দেখিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ফজল ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে আরো চার ক্রিকেটারের। ব্যাটসম্যান করুন নায়ার, মানদীপ সিং এবং স্পিনার যুবেন্দ্র চাহাল ও জয়ন্ত যাদব।
ভারতের জিম্বাবুয়ে সফরের দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), লোকেশ রাহুল, ফয়েজ ফজল, মনীশ পান্ডে, করুন নায়ার, আম্বাতি রাইডু, ঋষি ধাওয়ান, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ধাওয়াল কুলকার্নি, জাসপ্রিত বুমরা, বীরেন্দর স্রান, মানদীপ সিং, কেদার যাদব, জয়দেব উনাদকাট, যুবেন্দ্র চাহাল

স্পোর্টস ডেস্ক