ডি ভিলিয়ার্সের কাছেই হারল গুজরাট
লক্ষ্য ১৫৯ রান। খুব একটা কঠিন না হলেও মোটেও সহজ ছিল না। এ লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানে দুই ওপেনার ক্রিস গেইল ও বিরাট কোহলির উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ ধারাবাহিকতায় ৬৮ রানের ৬টি উইকেট হারিয়ে বসে তারা।
তা দেখে মনে হয়েছিল, এদিন হয়তো বাজেভাবেই হারতে হবে গেইল-কোহলিদের বেঙ্গালুরুকে। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করলেন একজন। তিনি হলেন দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। দলের চরম ব্যাটিং বিপর্যয়ে তিনি একপাশ আগলে রেখেছেন। দারুণ দৃঢ়তা দেখিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন।
মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্লে-অফের এই ম্যাচে বেঙ্গালুরু জিতেছে চার উইকেটে। গুজরাটের করা ১৫৮ রানের জবাবে ছয় উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যান কোহলিরা।
তবে এই ম্যাচে গুজরাট বেঙ্গালুরুর কাছে নয়, হেরেছে যেন ডি ভিলিয়ার্সের একার কাছে। ইকবাল আবদুল্লাহকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৯১ রানের দারুণ একটি জুটি গড়ে দলের শুধু হারই এড়াননি তাঁরা, দলকেও ফাইনালে নিয়ে গেছেন।
ডি ভিলিয়ার্স এই বিপর্যয়ে ব্যাট হাতে প্রতিরোধ না গড়লে হয়তো বড় ব্যবধানে হারতে হতো বেঙ্গালুরুকে। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেছেন ৭৯ রান। অথচ বল খেলেছেন মাত্র ৪৭টি। পাঁচটি চার ও পাঁচটি ছক্কার মার দিয়ে এই ইনিংসটাকে সাজিয়েছেন তিনি।
আইপিএলে প্রথম খেলতে আসা গুজরাট প্লে-অফের প্রথম ম্যাচে হেরে গেলেও তাঁদের ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে আবার মুখোমুখি হবে তারা। সে ম্যাচ জিতেলেই ফাইনালে খেলতে পারবে তারা।

ক্রীড়া প্রতিবেদক