রান করেই চলেছেন ওয়ার্নার
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইপিএলের প্রায় প্রতিটি ম্যাচেই জ্বলে উঠেছিলেন ডেভিড ওয়ার্নার। ১৭টি ইনিংসে ব্যাট করে নয়টি অর্ধশতকসহ করেছিলেন ৮৪৮ রান। এবার জাতীয় দলের জার্সি গায়েও দারুণ এই ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন ওয়ার্নার। ওয়েস্ট ইন্ডিজ সফরে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই খেলেছেন ৫৫ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়াও পেয়েছে ৬ উইকেটের সহজ জয়।
ওয়ার্নারের আগেই অবশ্য দলের জয়ের কাজ অনেকখানি এগিয়ে রেখেছিলেন অস্ট্রেলিয়ার স্পিনাররা। নাথান লায়ন ও অ্যাডাম জামপার ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ১১৬ রানে। সর্বোচ্চ ২২ রান করেছেন ওপেনার জনসন চার্লস। ২১ রানের ইনিংস এসেছে কার্লোস ব্রাফেটের ব্যাট থেকে।
অস্ট্রেলিয়ার অফস্পিনার লায়ন ১০ ওভার বল করে মাত্র ৩৯ রানের বিনিময়ে নিয়েছেন তিনটি উইকেট। লেগস্পিনার জামপা ছিলেন আরো মিতব্যয়ী। তিনি তিনটি উইকেট পেয়েছেন মাত্র ১৬ রান খরচে। জামপা অবশ্য বল করেছেন ৫.৩ ওভার। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে বাঁহাতি পেসার মিচেল স্টার্কও দেখিয়েছেন ভালো নৈপুণ্য। ৯ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে নিয়েছেন দুটি উইকেট।
১১৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে হয়েছে মাত্র ২৫.৪ ওভার। সুনীল নারাইন ও সুলিমান বেনের ভালো বোলিংয়ের মুখে অবশ্য হারাতেও হয়েছে চারটি উইকেট। তবে অস্ট্রেলিয়ার আস্থার প্রতীক হয়ে শেষ পর্যন্ত উইকেটে ছিলেন ওয়ার্নার। ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই বাঁহাতি ওপেনার। অস্ট্রেলিয়ার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রানের ইনিংস এসেছে উসমান খাজার ব্যাট থেকে। ১৯ রান করেছেন অস্ট্রেলিয়ার আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও সুনীল নারাইন নিয়েছেন দুটি উইকেট।

স্পোর্টস ডেস্ক