মাশরাফির কলাবাগানের অপেক্ষা
বৃষ্টির বাগড়ায় গতকাল সোমবার ম্যাচটির নিষ্পত্তি হয়নি। কলাবাগান ক্রীড়া চক্র ও কলাবাগান একাডেমির ম্যাচটি তাই খেলা গড়ায় রিজার্ভ ডেতে। কিন্তু এদিনও একই দশা, বৃষ্টির হানা। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে শেষ পর্যন্ত মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্র জিতেছে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তারা ২৯ রানে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমিকে।
আগের দিন কলাবাগান একাডেমি ৩৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিনেও বৃষ্টি এসে হানা দেওয়ায় কলাবাগান ক্রীড়া চক্রের সামনে টার্গেট বেঁধে দেওয়া ৬৩ রানের। কিন্তু তার আগেই ২৩ ওভারে ৯১ রান সংগ্রহ করায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ম্যাচটি জিতে নেয় মাশরাফির দল।
এই জয়ে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। এখনো তারা বাঁচিয়ে রেখেছে সুপার সিক্সে খেলার সম্ভাবনা।
সুপার সিক্সে উঠতে হলে তাদের একাদশ রাউন্ডের শেষ তিনটি ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। মূলত এই তিনটি ম্যাচের ফলের ওপর নির্ভর করবে কলাবাগান পরবর্তী পর্বে খেলতে পারবে কি না।
প্রাইম দোলেশ্বর ও আবাহনী লিমিটেড ১৪ পয়েন্ট করে নিয়ে এবং ভিক্টোরিয়া ও লিজেন্ডস অব রুপগঞ্জ ১৩ পয়েন্ট করে নিয়ে এরই মধ্যে সুপার সিক্সে খেলা নিশ্চিত করে ফেলেছে। আর অপেক্ষা বাকি দুই দলের।

ক্রীড়া প্রতিবেদক