মুশফিকের নতুন মাইলফলক
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তামিম ইকবাল। আবাহনী লিমিটেডের এই বাঁ-হাতি ওপেনার গত ২৪ মে বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৫৫ রানের একটি ইনিংস খেলে নতুন এই অর্জন নিজের ঝুলিতে পুরেছিলেন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এবার ছয় হাজারি ক্লাবে ঢুকেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
বুধবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামালের বিপক্ষে নতুন রেকর্ড স্পর্শ করেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের অধিনায়ক। অবশ্য ছয় হাজারি ক্লাবে ঢুকতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ১৮ রান। এদিন তিনি ৬৬ রানের দারুণ একটি ইনিংস খেলেন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত তাঁর সংগ্রহ ৬ হাজার ৪৮ রান। ২২০ ম্যাচ খেলে সাতটি শতক ও ৩৭ অর্ধশতকের ওপর ভর করে এই রান সংগ্রহ করেন তিনি।
এ ছাড়া পাঁচ হাজার ৩২৪ রান নিয়ে তৃতীয় অবস্থানে আছেন বিশ্বে অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চতুর্থ অবস্থানে আছেন মাহমুদউল্লাহ (পাঁচ হাজার ১৩০ রান)। আর পঞ্চম স্থানে আছেন মোহাম্মদ আশরাফুল (চার হাজার ৬৭১ রান)।
মুশফিকের মাইলফলকের দিনে মোহামডান সহজেই জয় ঘরে তুলেছে। তারা ছয় উইকেটে হারিয়েছে শেখ জামালকে। জামালের করা ১৮৭ রানের জবাবে তারা চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

ক্রীড়া প্রতিবেদক