দ্রুতই নিয়োগ পাচ্ছে পেস বোলিং কোচ
গত মে মাসেই বাংলাদেশ দলের পেস বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হিথ স্ট্রিক। জিম্বাবুয়ের এই সাবেক পেসারের জায়গায় এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তবে দ্রুতই একজন পেস বোলিং কোচ নিয়োগ দিচ্ছে বিসিবি।
আজ শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘জাতীয় দলে একজন পেস বোলিং কোচ নিয়োগের জন্য আলোচনা চলছে। বোর্ড সভাপতি নিজেই এ ব্যাপারে তদারকি করছেন। আশা করছি দুই-তিনদিনের মধ্যেই একজন পেস বোলিং কোচ নিশ্চিত করতে পারব আমরা।’
দুজন কোচের ব্যাপারে বিসিবির আগ্রহ রয়েছে। এ তালিকায় আছেন শ্রীলঙ্কার চম্পকা রামানায়েকে ও চামিন্দা ভাস।
বিসিবি সূত্রে জানা গেছে, তালিকায় সবার উপরে আছে রামানায়েকের নাম। এর আগে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই বছর বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর তিনি নিজ দেশ শ্রীলঙ্কা জাতীয় দলেরও বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাই তাঁর ব্যাপারে বিসিবির আগ্রহটা একটু বেশি।
অবশ্য বিসিবির তালিকায় ভারতের ভেঙ্কটেশ প্রসাদ ও পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদের নাম থাকলেও তাঁরা অনাগ্রহ দেখিয়েছেন বাংলাদেশে আসতে।

ক্রীড়া প্রতিবেদক