তরুণ ব্যাটসম্যানের দারুণ কীর্তি
বয়স মাত্র ১৯ বছর। চেহারায় তাই কৈশোরের ছাপ সুস্পষ্ট। তবে ‘টিনএজার’ অ্যানিউরিন ডোনাল্ডের কীর্তি নিয়ে হৈচৈ পড়ে গেছে ক্রিকেটবিশ্বে। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ১২৩ বলে দ্রুততম দ্বিশতকের রেকর্ড স্পর্শ করেছেন তিনি, দাঁড়িয়েছেন ভারতের সাবেক তারকা রবি শাস্ত্রীর পাশে। ১৯৮৫ সালে ভারতের ঘরোয়া ক্রিকেটে এই রেকর্ড গড়েছিলেন শাস্ত্রী।
রোববার ইংলিশ কাউন্টি ক্রিকেটে যখন ব্যাট করতে নেমেছিলেন, ৯৬ রানে তিন উইকেট হারিয়ে ডোনাল্ডের দল গ্ল্যামরগান তখন বেশ অস্বস্তিতে। তবে ডোনাল্ডের ব্যাটের দাপটে স্রেফ উড়ে গেছে প্রতিপক্ষ ডার্বিশায়ার।
শুরুতে অবশ্য খুব বেশি বিধ্বংসী ছিলেন না ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক। তবে ৮০ বলে শতকে পৌঁছানোর পর উত্তাল হয়ে উঠেছে ডোনাল্ডের ব্যাট। তাই পরের ১০০ রান এসেছে মাত্র ৪৩ বলে। শেষ পর্যন্ত ২৩৪ রান করে ফেরা ডোনাল্ডের ১৩৬ বলের আক্রমণাত্মক ইনিংসটা সাজানো ছিল ২৬টি চার ও ১৫টি বিশাল ছক্কায়। ইনিংসটার বৈশিষ্ট্য হলো ১০০, ১৫০ আর ২০০ রান তিনি স্পর্শ করেছেন ছক্কা মেরে।
কাউন্টিতে নিজের প্রথম শতকেই ইতিহাস গড়তে পেরে ডোনাল্ড উচ্ছ্বসিত, ‘আমি খুব খুশি। কারণ আমার ইনিংসটা দলকে শক্ত অবস্থানে নিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে তেমন ভালো করতে না পারাও আনন্দের অন্যতম কারণ। যদিও রেকর্ডটা সম্পর্কে আগে থেকে আমার কোনো ধারণাই ছিল না। বিশেষ করে রবি শাস্ত্রীর রেকর্ড স্পর্শ করতে পেরে বেশি ভালো লাগছে। কারণ তিনি তো গ্ল্যামরগানেরই সাবেক খেলোয়াড়।’
ডোনাল্ডের দ্রুততম দ্বিশতকের সুবাদে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৫১৮ রান করেছে গ্ল্যামরগান।

স্পোর্টস ডেস্ক