এবার কাউন্টি মাতাতে চান মুস্তাফিজ
আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, এর পরই হয়তো কাউন্টি লিগের দল সাসেক্সের হয়ে মাঠে নামতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এই আসরে খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার। এই আসরে খেলার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন তিনি।
বৃহস্পতিবার মুস্তাফিজের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে সাসেক্স। সেখানে বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার বলেন, ‘সাসেক্সের হয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আমি খেলতে এসেছি। এটি আমার জন্য গর্বের ব্যাপার। এখানকার নতুন পরিবেশে আশা করছি ভালো কিছু করতে পারব।’
ইংল্যান্ডের বোলিং সহায়ক উইকেটে সাফল্য পেতে দৃঢ় আশাবাদী মুস্তাফিজ, ‘সিনিয়রদের কাছে শুনেছি এখানকার উইকেট পেস বোলারদের জন্য বেশ সহায়ক। আমার দৃঢ় বিশ্বাস এখানে ভালো কিছু করা সম্ভব হবে। তাই এখানে খেলতে আমি মুখিয়ে আছি। সবার দোয়া আমার সঙ্গেই আছে।’
সুযোগ দেওয়ায় সাসেক্সেকে ধন্যবাদ জানিয়ে কাটার মাস্টার বলেন, ‘তৃতীয় বাংলাদেশি হিসেবে আমি কাউন্টি খেলতে এসেছি। তবে সাসেক্সে আমি প্রথম বাংলাদেশি। এই সুযোগ দেওয়ায় সাসেক্সকে ধন্যবাদ জানাই আমি।’
একাদশে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেবেন মুস্তাফিজ, ‘জাতীয় দলের হয়ে সব সময়ই জয়ের জন্য খেলি। সাসেক্সের হয়েও নিজে উজাড় করে দিতে চাই। সামনে তিন ম্যাচে (ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে) সুযোগ পেলে দলকে শতভাগ দেওয়া চেষ্টা থাকবে আমার।’

ক্রীড়া প্রতিবেদক