শুধু অন্তর্বাস পরে উপস্থাপনা!
লেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জয় নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা। গ্যারি লিনেকারের ‘কীর্তি’ও কি কম বিস্ময়কর? গত ডিসেম্বরে ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার বলেছিলেন, লেস্টার চ্যাম্পিয়ন হলে নতুন মৌসুমের শুরুতে তিনি শুধু অন্তর্বাস পরে বিবিসির অনুষ্ঠান উপস্থাপনা করবেন। তখন নিছক কথার কথা মনে হলেও কথা রেখেছেন লিনেকার। শনিবার বিবিসির ম্যাচ অব দ্য ডে (এমওটিডি) অনুষ্ঠানের প্রথম ভাগে তাঁর শরীরে ছিল শুধু অন্তর্বাস!
কম বাজেটের, স্বল্প পরিচিত খেলোয়াড়দের নিয়ে দল গড়া লেস্টারের সাফল্য এককথায় অবিশ্বাস্য। গত মৌসুমের শুরু থেকেই বড় বড় দলকে ধরাশায়ী করে হৈচৈ ফেলে দিয়েছিল তারা। ডিসেম্বরে মৌসুমের মাঝামাঝি উঠে গিয়েছিল লিগ টেবিলের শীর্ষে। লেস্টার শিরোপা জিততে পারে—এমন গুঞ্জনও তখন শুরু হয়েছিল ইংল্যান্ডের ফুটবলাঙ্গনে। নিজের সাবেক ক্লাব হলেও লিনেকার তা মানতে চাননি। ১৯৮৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তখন টুইট করে জানিয়েছিলেন, ‘যদি লেস্টার প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারে, তাহলে আগামী মৌসুমে আমার প্রথম এমওটিডি অনুষ্ঠান শুধু অন্তর্বাস পরে উপস্থাপনা করব।’

তখন এ নিয়ে কিছুটা হৈচৈ হয়েছিল, তার পর থেমেও গিয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে। তবে এবারের মৌসুম শুরু হওয়ার কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবার আলোচনা শুরু হয়েছিল এ নিয়ে। গত বৃহস্পতিবার এমওটিডি অনুষ্ঠানের প্রধান একটা ছবি পোস্ট করেছিলেন টুইটারে। দুই পাশে দুটো স্যুট আর মাঝে অন্তর্বাসের ছবিটাও আলোড়ন তুলেছিল। স্যুটের ওপরে অনুষ্ঠানের দুই সহ-উপস্থাপক অ্যালান শিয়ারার ও ইয়ান রাইট আর অন্তর্বাসের ওপরে লেখা ছিল লিনেকারের নাম। এ ব্যাপারে প্রশ্ন রাখা হলে গার্ডিয়ানকে লিনেকার বলেছিলেন, ‘কী হতে যাচ্ছে, তার জন্য অপেক্ষা করাই ভালো!’
অপেক্ষার অবসান হয়েছে শনিবার সন্ধ্যায়। টিভি দর্শকদের হতভম্ব করে শুধু অন্তর্বাস পরে এমওটিডি অনুষ্ঠানে হাজির হয়েছেন লিনেকার। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের কাণ্ড দেখে তখন শিয়ারার-রাইটের মুখে মুচকি হাসি। লিনেকার নিজেও তাঁর ‘বেশভুষা’ নিয়ে মজা করতে ছাড়েননি, ‘খেলাধুলার ইতিহাসের অন্যতম অলৌকিক ঘটনা আজ আমার অন্তর্বাসে এসে ভর করেছে! ডিসেম্বরে যখন বোকার মতো বাজিটা নিয়ে টুইট করেছিলাম, তখন আমি নিশ্চিতভাবে জানতাম যে লেস্টারের লিগ জয়ের সম্ভাবনা শূন্য। কিন্তু জাদুকরি ঘটনাটা ঘটেছে। সত্যিই দুর্দান্ত ঘটনা।’
তবে পুরো অনুষ্ঠান ‘অর্ধনগ্ন’ হয়ে উপস্থাপনা করেননি লিনেকার। অনুষ্ঠানের মাঝামাঝি খবর আসে প্রথম ম্যাচেই হাল সিটির কাছে হেরে গেছে লেস্টার। তখন তিতিবিরক্ত লিনেকার বলে ওঠেন, ‘যথেষ্ট পাগলামি হয়েছে। আমি পোশাক পরে আসছি।’ এরপর শার্ট-প্যান্ট পরে ম্যানচেস্টার সিটি-সান্ডারল্যান্ড ম্যাচ নিয়ে আলোচনা করেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক