আগামী ডিসেম্বরে আবার বিপিএল!
নানা বিতর্কিত ঘটনার জের ধরে দুই মৌসুম আয়োজনের পর বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রায় দুই বছর পর আবার এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের তৃতীয় আসর হতে পারে আগামী ডিসেম্বরে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইসমাইল হায়দার জানিয়েছেন, ‘জাতীয় ক্রিকেট দলের খেলা না থাকলে আগামী ডিসেম্বরে বিপিএল আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
২০১২ সালে প্রথম আসরের পর বিপিএলের দ্বিতীয় আসর হয়েছিল ২০১৩ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। ম্যাচ পাতানো, খেলোয়াড়দের পারিশ্রমিক পুরো শোধ না করা, ফ্র্যাঞ্চাইজগুলোর চুক্তিভঙ্গসহ বেশ কিছু বিতর্কিত ঘটনার জেরে বন্ধ হয়ে যায় এই প্রতিযোগিতা।
ইসমাইল হায়দার অবশ্য সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েই তৃতীয় বিপিএল শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন, ‘খেলোয়াড়দের নব্বই ভাগ বকেয়া পরিশোধ করা হয়েছে। স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে বাকি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হবে। বিদেশি খেলোয়াড়দের দাবিও আমরা খতিয়ে দেখছি। কারো ন্যায্য দাবি থাকলে তা অবশ্যই পরিশোধ করা হবে।’
অভিযোগ আছে বিপিএলের দুই আসরে সাতটি ফ্র্যাঞ্চাইজের একটিও তাদের ফ্র্যাঞ্চাইজ ফি পরিশোধ করেনি। এ সম্পর্কে জানতে চাইলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘চুক্তিভঙ্গ করায় এই ফ্র্যাঞ্চাইজগুলোকে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে। তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে।’
আগামী বছরের ১১ মার্চ থেকে ৩ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর হবে ভারতে। তার আগে বিপিএল আয়োজন করতে পারলে বাংলাদেশের ক্রিকেটারদের প্রস্তুতিতে তা ভালোই কাজে আসবে বলে মনে করেন বিসিবি কর্মকর্তারা।

ক্রীড়া প্রতিবেদক