এবার রাগ করে মাঠ ছাড়লেন সুজন, ছাড়তে চান নোয়াখালীর দায়িত্ব
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াতে ২৪ ঘন্টারও কম সময় বাকি আছে। আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ। কিন্তু এর আগে আজ একের পর এক উত্তপ্ত হয়ে উঠছে দেশের ক্রিকেট পাড়া।
সকাল শুরু হয় চট্টগ্রাম রয়্যালসের টিম প্রত্যাহার দিয়ে। একদিন আগে মালিকানা প্রত্যাহার করে বিসিবিতে চিঠি দিয়েছে দলটি। এবার রেগে মাঠ ছাড়লেন নোয়াখালীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।
নির্ধারিত সূচী অনুযায়ী, আজ দুপুরে অনুশীলন ছিল নোয়াখালী এক্সপ্রেসের। অনুশীলন করতে দুপুর দেড়টায় মাঠেও আসে দল। ক্রিকেটাররা অনুশীলনের জন্য নেমেছিলেন স্টেডিয়ামের আউটার মাঠে। কিন্তু মাঠ ছেড়ে চলে যেতে হাঁটা শুরু করেন দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।
দল অনুশীলনে, কিন্তু সুজন কোথায় যাচ্ছেন? এমন প্রশ্নে পাওয়া গেলো বিস্ময়কর উত্তর। নোয়াখালীর কোচ জানান, মাঠ ছেড়ে চলে যাচ্ছেন তিনি।
সুজন বলেন, ‘আমি কোনোভাবেই বিপিএল করব না।’ পরে খালেদ মাহমুদ এটাও জানান, বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্বে থাকতে চান না।
এমন অবস্থা দেখে নোয়াখালী এক্সপ্রেসের কয়েকজন কর্মকর্তা তাকে বোঝানোর চেষ্টা করেন। তবে এতে কোনো কাজ হয়নি। সহকারী কোচ তালহা জুবায়েরকে নিয়ে সিএনজিতে করে মাঠ ছেড়ে চলে যান খালেদ মাহমুদ।
তবে ঠিক কী কারণে এমন ঘটনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি সুজন। নোয়াখালী ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।

স্পোর্টস ডেস্ক