ফেসবুক পোস্টে যা বললেন মুস্তাফিজ
মুস্তাফিজুর রহমানকে ঘিরে গত কয়েকদিন ধরে তোলপাড় বিশ্ব ক্রিকেট। বাংলাদেশ ও ভারতে যার আঁচ সবচেয়ে বেশি। যাকে ঘিরে লঙ্কাকাণ্ড চারদিকে, সেই মুস্তাফিজ অবশ্য আছেন ফুরফুরে মেজাজে। মাঠে নামছেন, দলের প্রয়োজনে জ্বলে উঠছেন, জয়ে অবদান রাখছেন।
টিম বাসে বসে তার গান শোনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতানো মুস্তাফিজ পেয়েছেন অবসর। বিপিএলে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) কোনো ম্যাচ নেই। আগামীকাল ও পরশুর সূচি অনুযায়ী খেলা নেই রংপুরের। তিনদিনের ছুটিই পেয়েছেন বলা চলে।
এমন অবসরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মুস্তাফিজ। ছবিতে দেখা যাচ্ছে, তার দৃষ্টি দূরে। ক্যাপশনে লিখেছেন— ‘মাঠে চোখ, নজর জয়ে।’
রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলছেন মুস্তাফিজ। মাঠের খেলায় দারুণ ছন্দও দেখাচ্ছেন ফিজ। দলটির হয়ে দারুণ বোলিং করে যাচ্ছেন তিনি। ভারতীয় বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স যেদিন স্কোয়াড থেকে ছেড়ে দিল ফিজকে, এর পর দিনই বিপিএলে ডেথ ওভারে অবিশ্বাস্য বোলিংয়ে, শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করে দলকে জয় এনে দেন।
সেদিন সংবাদ সম্মেলনে এসে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছিলেন, ‘বিন্দাস’ আছেন মুস্তাফিজ। বাইরের কোনো ঝড় গায়ে লাগছে না তার।

স্পোর্টস ডেস্ক