ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলে উন্নতি সিলেটের
এবারও পারল না ঢাকা ক্যাপিটালস। চলতি আসরে সিলেট টাইটান্সের কাছে হারল দ্বিতীয়বারের মতো। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে সিলেট-ঢাকা। ম্যাচে ২০ রানের জয় তুলে নিয়েছে সিলেট। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি। ম্যাচের আগে তারা ছিল চার নম্বরে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে সিলেট। ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে তারা। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রানে থামে ঢাকা।
রান তাড়ায় উদ্বোধনী জুটি ভালো হয় ঢাকার। ৫.৫ ওভারে ৫৬ রান আসে। ওপেনার আব্দুল্লাহ আল মামুন বিদায় নেন ১১ বলে ২৪ রানে। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ফিফটি তুলে নেন। ৪৪ বলে ৫১ রান করে সালমান ইরশাদের শিকার হন।
আগের ম্যাচে ৯০ করা নাসির হোসেন এদিন ব্যাট হাতে ব্যর্থ। নাসুম আহমেদ তাকে বোল্ড করেন ৩ রানে। শামীম হোসেন পাটোয়ারীও ফিরে যান ১ রানে। সাইফ হাসান অবশ্য রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। ১৪ বলে ২২ করে আজমতদউল্লাহ ওমরজাইকে উইকেট দেন।
সাব্বির রহমান অপরাজিত থাকেন ১৬ বলে ২৫ রানে। ইমাদ ওয়াসিম ৮ বলে ১২ করেন। এগুলোর কোনোটাই দলের কাজে আসেনি। পরাজয়ের হাত থেকে বাঁচতে পারেনি ঢাকা।
সিলেটের পক্ষে ২৫ রানে ৩ উইকেট নেন ইরশাদ। মঈন আলী নেন ২টি। একটি করে উইকেট পান নাসুম, ওমরজাই ও রুয়েল মিয়া।
ব্যাট হাতে উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দেন পারভেজ হোসেন ইমন ও তৌফিক খান। দলীয় ৪৮ রানে ভাঙে জুটি। ২১ বলে ১৭ করে নাসির হোসেনের শিকার হন তৌফিক। সাইফ হাসানকে উইকেট দেওয়ার আগে ২৪ বলে ৩২ করেন ইমন। ২৯ বলে ৩৮ রান আসে আরিফুল ইসলামের ব্যাট থেকে।
সিলেটের রান ১৮০ ছোঁয়ার পেছনে বড় ভূমিকা রাখেন আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলী। ২৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন ওমরজাই। ৮ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ২৮ রানের ক্যামিও আসে মঈনের ব্যাট থেকে। তাতেই চ্যালেঞ্জিং স্কোর গড়ে সিলেট। ৪ বলে এক ছক্কায় ইথান ব্রুকস অপরাজিত থাকেন ৯ রানে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এক ছক্কায় ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন।
ঢাকার পক্ষে ৩৫ রানে ৩ উইকেট নেন জিয়াউর। একটি করে উইকেট পান নাসির, ইমাদ ও সাইফ।
এই জয়ে ৮ ম্যাচে সমান চারটি করে জয়-পরাজয় নিয়ে ৮ পয়েন্ট সিলেটের। তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের তিনে। ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট পাওয়া ঢাকার অবস্থান পঞ্চম।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট টাইটান্স : ২০ ওভারে ১৮০/৬ (ইমন ৩২, তৌফিক ১৭, আরিফ ৩৮, আফিফ ৬, ওমরজাই ৩৩, মঈন ২৮, ইথান ৯*, মিরাজ ৭*; ইমাদ ৪-০-২০-১, তাসকিন ৩-০-৩৯-০, সাইফউদ্দিন ৩-০-২৮-০, জিয়াউর ৪-০-৩৫-৩, নাসির ৪-১-৩৫-১, সাইফ ২-০-১৬-১)
ঢাকা ক্যাপিটালস : ২০ ওভারে ১৬০/৮ (গুরবাজ ৫১, মামুন ২৪, নাসির ৩, শামীম ১, সাইফ ২২, মিঠুন ৭, সাব্বির ২৫*, ইমাদ ১২, সাইফউদ্দিন ৮, তাসকিন ১*; ওমরজাই ৪-০-২৮-১, নাসুম ৪-০-৩৯-১, ইরশাদ ৪-০-২৫-৩, রুয়েল ৪-০-৪৭-১,মঈন ৪-০-২০-২)
ফলাফল : সিলেট ২০ রানে জয়ী।

স্পোর্টস ডেস্ক