লম্বা হলো রিশাদের বিগ ব্যাশে খেলা
প্রথমবার বিগ ব্যাশে খেলতে গিয়েই বাজিমাত করে চলেছেন রিশাদ হোসেন। এবার তার সামনে সুযোগ ছিল বিগ ব্যাশের চলমান আসরের সেরা পাঁচ উইকেট শিকারী বোলারের তালিকায় নাম লেখানোর। সেজন্য প্রয়োজন ছিল দুটি উইকেট।
সেই দুই উইকেট শিকারের লক্ষ্যে রিশাদ বলও হাতে তুলে নিয়েছিলেন। কিন্তু বল ছোড়ার আগেই বাধ সাধলো বেরসিক বৃষ্টি। রিশাদ বোলিং মার্কে যাওয়ার পর শুরু হলো ঝুম বৃষ্টি। শেষ পর্যন্ত আর কোনো বলই মাঠে গড়ালো না। দুই দলকে ফিরতে হলো পয়েন্ট ভাগাভাগি করে।
খেলা মাঠে না গড়ালেও হাসি মুখেই স্টেডিয়াম ছেড়েছে রিশাদের দল হোবার্টা হারিকেন্স। এবারের বিগ ব্যাশে প্রথম দল হিসেবে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে তারা।
টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলেছে হোবার্ট হারিকেন্স। ৬ জয়, ২ হার আর ১ টাইয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিশাদরা। গ্রুপ পর্বে এখনো হোবার্টের একটি ম্যাচ বাকি। অন্যদিকে, সিডনি সিক্সার্স ৮ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিনে অবস্থান করছে।
প্রথমবার বিগ ব্যাশে খেলতে গিয়েই দুর্দান্ত পারফর্ম করছেন রিশাদ। দলকে প্লে অফে তুলতে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। বল হাতে ওভারপ্রতি ৭.৬৩ গড়ে ১১ উইকেট নিয়ে দলের অন্যতম সেরা বোলার রিশাদ।
টুর্নামেন্টে স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ। সমান ১১ উইকেট আছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপেরও। অন্যদিকে, সবমিলিয়ে টুর্নামেন্টের সেরা ১০ জন রান সংগ্রাহকের মধ্যে আছেন ৮ নম্বরে।

স্পোর্টস ডেস্ক