অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
ভারতের বিপক্ষে টস জিতে বোলিং করবে বাংলাদেশ, কেমন হলো একাদশ
যৌথভাবে জিম্বাবুয়ে আর নামিবিয়ায় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। দুদিন আগে পর্দা উঠলেও বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে আজ। যেখানে প্রতিপক্ষ ভারত। প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হবে যুব টাইগারদের। সেই ম্যাচে টস জিতে বোলিং করবে বাংলাদেশ।
আজ শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান টস করতে আসা সহ-অধিনায়ক জাওয়াদ আবরার।
এর আগে বেরসিক বৃষ্টি এসে বাধতে সাধে। যে কারণে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে টস হয়।
জাওয়াদ আবরার বলেন, ‘উইকেট কিছুটা ভেজা মনে হচ্ছে। আমরা প্রথম ১০-১৫ ওভারের সুবিধা নিতে চাই। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি, এশিয়া কাপেও আমরা ভালো খেলেছি। আজকের ম্যাচে আমাদের দুইজন অলরাউন্ডার খেলছে।’
ভারতের অধিনায়ক আয়ুশ মিত্রা বলেন, ‘আমরাও প্রথমে বোলিং করতাম, উইকেট কিছুটা ভেজা মনে হচ্ছে, তবে ঠিক আছে। ব্যাটিং নিয়ে সামান্য দুশ্চিন্তা ছিল, আশা করি এ ম্যাচে সেটি কাটিয়ে উঠব।’
ম্যাচের আগের দিন ভিডিও বার্তায় সহকারী কোচ এহসানুল হক সেজান বলেন, ‘আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছি। হোম-অ্যাওয়ে মিলে ক্রিকেটাররা অনেকগুলো ম্যাচ খেলেছে। মাঝখানে কিছু চোটজনিত সমস্যা থাকলেও তারা চোট কাটিয়ে ফিরেছে। ফলে বিশ্বকাপের জন্য দল একদমই প্রস্তুত। আশাকরি টুর্নামেন্টে। ভালো একটা শুরু করতে পারব আমরা।’
বাংলাদেশের একাদশ
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, রিফাত বেগ, কালাম সিদ্দিকী অ্যালিন, রিজান হাসান, ফরিদ হাসান ফয়সাল, সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন, ইকবাল হোসেন ইমন।

স্পোর্টস ডেস্ক