অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের ম্যাচ
যুব বিশ্বকাপের শুরুটা হয়েছিল হার দিয়ে। ভারতের বিপক্ষে বৃষ্টিস্নাত ম্যাচটিতে জয়ের সুযোগ পেয়েও হাতছাড়া করেছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের যুবাদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
জিম্বাবুয়ের বুলাওয়েতে টস জিতে নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বল হাতে শুরুটা ভালো করে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন হুগো ভোগ। ১১ রানে ভাঙে কিউইদের উদ্বোধনী জুটি।
দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। আরিয়ান মানকে সঙ্গে নিয়ে অধিনায়ক টম জুনস দলকে ভিত গড়ে দেওয়ার চেষ্টা করেন। শুরুর পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তোলে তারা।
এরপর আঘাত হানে বৃষ্টি। দফায় দফায় অপেক্ষা ও চেষ্টার পর পরিস্থিতির উন্নতি না হলে ম্যাচ রেফারি খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন।

স্পোর্টস ডেস্ক