মালান-হৃদয়ের ব্যাটে ঢাকাকে বড় লক্ষ্য দিল রংপুর
গত তিনটি ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার দুর্বার হয়ে ফিরল রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালসের বোলারদের যেন কোনো সুযোগই দিলেন না চোট থেকে ফেরা ডেভিড মালান আর তাওহিদ হৃদয়। ১০০ ছাড়ানো জুটিতে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের হাল ধরলেন তারা। বড় রানের পুঁজি পেল রংপুর।
আজ শনিবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে রংপুর।
চোটের কারণে গত তিনটি ম্যাচে মাঠে নামা হয়নি ডেভিড মালানের। মাঠে ফিরেই চার-ছক্কার বৃষ্টি নামালেন মিরপুরে। তাকে সঙ্গ দিলেন তাওহিদ হৃদয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুটা দারুণ হয় রংপুরের।
স্বাগতিক ঢাকার বোলার আক্ষেপ বাড়িয়ে নির্বিঘ্নে ১৪ ওভার কাটিয়ে দেন মালান আর হৃদয়। এই সময়ে গড়েন ১২৬ রানের জুটি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে মালান ছুটছিলেন সেঞ্চুরির পথে। তবে তাসকিন আহমেদ সেটি করতে দিলেন না। ৪৯ বলে ৭৮ রান করা মালানকে ফেরান তিনি।
ততক্ষণে আরেক প্রান্তে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন হৃদয়ও। এরপর তাকে ফেরান চলতি বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা মারুফ মৃধা। ৪৬ বলে ৬২ রান আসে হৃদয়ের ব্যাট থেকে।
তিন নম্বরে ১৬ বলে ২৪ রানের ইনিংস খেলেন কেইল মায়ার্স। লিটন দাস উইকেটে এসে প্রথম বলেই ফিরে যান। রংপুর ইনিংস শেষ করে ১৮১ রান তুলে।
ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। একটি করে উইকেট গেছে তাসকিন আহমেদ আর মারুফ মৃধার ঝুলিতে।

স্পোর্টস ডেস্ক