বিসিবির কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুল
বোর্ডের পক্ষ থেকে বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলামকে কারণ দর্শানোর যে নোটিশ দেওয়া হয়েছিল, তার জবাব দেওয়ার কথা ছিল আজ শনিবার (১৭ জানুয়ারি)। কিন্তু, বিসিবিকে কোনোরকম উত্তর দেননি নাজমুল ইসলাম। শুধু তা-ই নয়, বিসিবির কারও সঙ্গে যোগাযোগও করেননি বিতর্কিত এই পরিচালক।
নোটিশের জবাব না দিলে বিসিবির পরবর্তী পদক্ষেপ কী হবে, আগেই জানিয়েছিলেন আরেক পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিসিবি এখন হাঁটবে গঠনতন্ত্র অনুযায়ী, এমন ইঙ্গিতই দিয়ে মিঠু বলেছেন, ‘লাপাত্তা থাকলে… (জবাব) না দিলে, তার মানে আপনি জানেন… আদালতে যদি মামলা করা হয়, আপনি যদি হাজিরা না দেন, এটা ফল তো আমার ব্যাখ্যা করার দরকার নেই।’
ইতোমধ্যে নাজমুল ইসলামের বিষয়টি ডিসিপ্লিনারি কমিটিকে জানানো হয়েছে বলেও জানান মিঠু। তিনি বলেন, ‘আমাদের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হচ্ছে মিতু (ফায়াজুর রহমান)। তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। আমরা নিয়ম অনুসরণ করব। উনি জবাব না দিলে, এটার ফল তো উনাকে ভোগ করতে হবে।’
নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে ক্রিকেটাররা বিপিএলসহ সবধরণের ক্রিকেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। তারা পদত্যাগ চেয়েছিলেন। বিসিবি তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়ার পর এবং আলোচনার পর ক্রিকেটাররা মাঠে ফেরেন।

ক্রীড়া প্রতিবেদক