দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী
সমীকরণ সহজ—যারা জয়ের হাসি হাসবে তারাই যাবে ফাইনালের মঞ্চে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এমন সমীকরণ সামনে রেখে মাঠে নামছে রাজশাহী ওয়ারিয়র্স আর সিলেট টাইটান্স। টস হেরে ব্যাটিং করবে রাজশাহী।
আজ বুধবার (২১ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
দুই দলই প্লে-অফে একটি করে ম্যাচ খেলেছে গতকাল। এলিমিনেটর ম্যাচে শেষ বলের থ্রিলারে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সিলেট। লো-স্কোরিং ম্যাচে শেষ বলে ৬ রান লাগত সিলেটের। ফাহিম আশরাফের বলে ছক্কা হাঁকান ক্রিস ওকস।
অন্যদিকে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। এ ম্যাচটিও লো-স্কোলিং থ্রিলারে রূপ নেয়। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল চট্টগ্রামের। রিপন মন্ডলের বলে ছক্কা হাঁকিয়ে সেই সমীকরণ মেলান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী।
প্রথম কোয়ালিফায়ারে ব্যাটিং ব্যর্থতায় পড়েছিল রাজশাহী। মিডল অর্ডারের সবাই ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে দলের শক্তি বাড়াতে রাজশাহী উড়িয়ে এনেছে নিউজিল্যান্ডের তারকা কেইন উইলয়ামসনকে।
এর আগে গ্রুপ পর্বে দুইবার মুখোমুখি হয়েছিল রাজশাহী আর সিলেট। দুইবারই জয় পেয়েছিল রাজশাহী। প্রথম ম্যাচে ১৯১ রান তাড়ায় রাজশাহী জিতেছিল ৮ উইকেটে আর দ্বিতীয় ম্যাচে ১৪২ রান তাড়ায় জিতেছিল ২ উইকেটে।
অবশ্য সিলেটের সেই দলে অনেকটা পরিবর্তন এসেছে। নতুন করে সিলেটে যোগ দিয়েছেন দুই ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস আর ক্রিস ওকস।

স্পোর্টস ডেস্ক