বিপিএল ফাইনাল
তামিমের শতকে চট্টগ্রামকে চ্যালেঞ্জ জানাল রাজশাহী
ফাইনাল মানেই শিরোপা থেকে এক পা দূরে। সুযোগ নেই পা হড়কানোর। এমন ম্যাচেই জ্বলে উঠলেন তানজিদ হাসান তামিম। আগের ম্যাচে আভাস দিয়েছিলেন ঝড়ের, পূর্ণতা দিলেন আজ। বিপিএলের ফাইনালে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) তামিম তুলে নিলেন অনবদ্য সেঞ্চুরি। তার ব্যাটে চড়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রাজশাহী ওয়ারিয়র্স। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তোলে রাজশাহী।
ওপেনিংয়ে দারুণ শুরু এনে দেন সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম। ১০.২ ওভারে আসে ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে মুকিদুল ইসলামের শিকার হন ফারহান। ওয়ানডাউনে কেইন উইলিয়ামসনকে নিয়ে ৪৭ রান যোগ করেন তামিম। ১৫ বলে দুটি চার ও এক ছক্কায় ২৪ রানে শরিফুল ইসলামকে উইকেট দেন উইলিয়ামসন।
অবিচল থাকেন তামিম। ১৯তম ওভারে আউট হওয়ার আগে পুরোটা সময় শাসান চট্টগ্রামের বোলারদের। ৬২ বলে ৬টি চার ও ৭টি ছক্কার মারে ১০০ রানে থামেন তামিম। তাকে বিদায় করেন মুকিদুল। শেষ দিকে জেমস নিশামের ৬ বলে অপরাজিত ৭ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭ বলে ১১ রানে লড়াইয়ের পুঁজি দাঁড় করায় রাজশাহী।
চট্টগ্রামের পক্ষে মুকিদুল ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নেন। ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট শরিফুলের নামের পাশে।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ওয়ারিয়র্স : ২০ ওভারে ১৭৪/৪ (শাহিবজাদা ৩০, উইলিয়ামসন ২৪, তামিম ১০০, শান্ত ১১, নিশাম ৭*; শরিফুল ৪-০-৩৩-২, মুকিদুল ৪-০-২০-২, তানভীর ৩-০-১৭-০, মেহেদী ৪-০-৪৮-০, তাহির ১-০-১৩-০, জামাল ৪-০-৪৩-০)

ক্রীড়া প্রতিবেদক