পাইলটের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনায় কোয়াবের উদ্বেগ
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে সম্প্রতি সংবাদ সম্মেলনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোয়াব এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছে।
সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে পাইলটের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনাটি ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ প্রসঙ্গে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে এমন একটি পরিসরে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ক্রিকেট নিয়ে আলোচনায় ভিন্ন ভিন্ন মত থাকাকে স্বাভাবিক মনে করে কোয়াব। তবে দ্বিমত প্রকাশের ক্ষেত্রে ব্যবহারের শালীনতা বজায় রাখার ওপর জোর দিয়ে কোয়াব জানিয়েছে, ‘মতভিন্নতা বা কঠিন প্রশ্ন থাকতেই পারে, তবে তা প্রকাশ ও মোকাবিলার ক্ষেত্রে সংযম, পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব।’
ক্রিকেট সংশ্লিষ্ট সবার সম্মানের বিষয়টি মনে করিয়ে দিয়ে কোয়াব আরও জানায়, ‘আমরা বিশ্বাস করি, ক্রিকেটের সাথে যুক্ত কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক এবং ক্রীড়া সাংবাদিক—প্রত্যেকের মান-সম্মান সমানভাবে গুরুত্বপূর্ণ।’
ভবিষ্যতে যেন এমন ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে, সেই প্রত্যাশা করেছে কোয়াব জানিয়েছে, সংশ্লিষ্ট সবাই এই ঘটনা থেকে শিক্ষা নেবেন এবং দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে আরও ইতিবাচক ও দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করবেন।

স্পোর্টস ডেস্ক