শনিবার পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের
সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিশ্বকাপ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাঠের খেলা শুরু হওয়ার আগেই মাঠের বাইরের ইস্যুতে বিশ্বব্যাপী আলোচনার টেবিলে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এবার পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বৈশ্বিক লড়াইয়ের।
আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্দা ওঠবে বিশ্বকাপের। পুর্ব চুক্তি অনুযায়ী, পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। কলম্বোতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়।
বাংলাদেশ বিহীন বিশ্বকাপ
বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশে নেই কোনো আমেজ। কারণ প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিশ্বকাপের এবারের আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ভারতে দল পাঠাবে না বলে জানায় বাংলাদেশ। বিসিবি আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে। কিন্তু আইসিসি সেই প্রস্তাবে রাজি হয়নি।
আইসিসি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে সেভাবে গুরুত্ব দেয়নি। শেষ মুহূর্তে এসে জানায়, ভারতে বাংলাদেশের কোনো নিরাপত্তা শঙ্কা নেই। বাংলাদেশও নিজেদের অবস্থানে অনড় থাকে। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানায় আইসিসি।
যেভাবে দেখা যাবে খেলা
বাংলাদেশ দল না থাকলেও সরাসরি খেলা দেখার সুযোগ থাকছে বাংলাদেশের দর্শকদের জন্য। বাংলাদেশে বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টি-স্পোর্টস।
পাকিস্তান-নেদারল্যান্ডসের সমীকরণ
শক্তি-সামর্থ, র্যাঙ্কিং কিংবা অতীত ইতিহাস-- সবকিছুতে এগিয়ে থেকেই মাঠে নামবে পাকিস্তান। বলা যায়, উদ্বোধনী ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে ম্যান ইন গ্রিনরা। শ্রীলঙ্কার কন্ডিশন এবং স্পিন বান্ধব উইকেটে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান বেশ শক্তিশালী।
অন্যদিকে, নেদারল্যান্ডস বরাবরই আইসিসি ইভেন্টগুলোতে বড় দলগুলোকে চমকে দিতে পারদর্শী। এ ম্যাচেও তেমন কিছুই করার লক্ষ্য থাকবে তাদের।
এদিকে, প্রথমবারের মতো ২০টি দলকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনালসহ মোট ৫৫টি ম্যাচ মাঠে গড়াবে। আগামী ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের শ্রেষ্ঠত্বের লড়াই।

স্পোর্টস ডেস্ক