বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানকে খেলার অনুরোধ বুলবুলের
বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসির সঙ্গে রীতিমতো লড়াই করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে না রাখার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানকে অনুরোধ করেছেন, যেন ভারতের বিপক্ষে ম্যাচটিতে তারা অংশ নেয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিসিবির দেওয়া এক বিবৃতি বুলবুল বলেন, ‘পাকিস্তানে গতকাল (৮ ফেব্রুয়ারি) আমার সংক্ষিপ্ত সফরে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। আমি পাকিস্তানকে অনুরোধ করেছি, তারা যেন সমগ্র ক্রিকেট ইকো সিস্টেমের কথা বিবেচনা করে ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচটিতে অংশ নেয়।’
বিরুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার জন্য পিসিবি ও পাকিস্তানের সমর্থকেদের ধন্যবাদ দিয়ে বুলবুল বলেন, ‘পিসিবি সভাপতি মহসিন নাকভি, তার বোর্ড ও দেশটির ক্রিকেট ভক্তদের প্রতি অন্তুরের গভীর থেকে কৃতজ্ঞতা। তারা যে পরিস্থিতিতে আমাদের পাশে থেকে একাত্মতা পোষণ করেছেন, তা সত্যিকার ক্রীড়ানুরাগ ও সৌহার্দ্যের উদাহরণ।’
রোববার লাহোরে অনুষ্ঠিত হয় আইসিসির জরুরি সভা। সেখানে চলমান পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি। পিসিবির পাশাপাশি আইসিসিকেও ধন্যবাদ জানান বুলবুল। চ্যালেঞ্জিং সময় থেকে উত্তরণের জন্য আইসিসির প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি।
এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করে বিসিবি। সেই আবেদন প্রত্যাখ্যান করে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানায় আইসিসি। যা নিয়ে ঘোলা হওয়া জল এখনও স্বচ্ছ হয়নি।

স্পোর্টস ডেস্ক