ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই হাইভোল্টেজ। এই ম্যাচ নিয়ে উত্তেজনার কোনো কমতি থাকে না। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই মুখোমুখি হবে এই দুই দল। কিন্তু ম্যাচটি ঘিরে অনিশ্চিয়তা যেনো পিছুই ছাড়ছে না।
বিশ্বকাপ শুরুর আগেই শঙ্কায় পড়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান। আইসিসির সঙ্গে সেই দ্বন্দ্বের সমাধান হয়েছে। কিন্তু এই ম্যাচ নিয়ে এবার তৈরি হয়েছে নতুন শঙ্কা।
আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় কলম্বোর আকাশ মেঘলা থাকবে। যার ফলে আর. প্রেমাদাসা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে বাগড়া দিতে পারে বজ্রসহ বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনভর আবহাওয়া বেশ গরম ও আর্দ্র থাকতে পারে। তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ থেকে ৭০ শতাংশ।
সূচী অনুযায়ী, খেলা শুরু হওয়ার কথা স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। কিন্তু ঠিক ওই সময়েই বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। তবে রাত ৮টার পর পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারে বলে আশা করা হচ্ছে।
বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হলে ম্যাচের ওভার কমিয়ে আনা হতে পারে। এমনকি ম্যাচের আগের দিন আজ শনিবারও কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা আছে, যা দলগুলোর শেষ মুহূর্তের অনুশীলনে বাধা দিতে পারে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারত ও পাকিস্তান—উভয় দলই দুটি করে ম্যাচ খেলে দুটিতেই জিতেছে। পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থেকে 'এ' গ্রুপের শীর্ষে রয়েছে ভারত, আর দ্বিতীয় স্থানে পাকিস্তান। যদি শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়, তবে দুই দল ১ পয়েন্ট করে ভাগ করে নেবে। কারণ গ্রুপ পর্বের এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।

স্পোর্টস ডেস্ক