মাঠে নেমেই জোড়া গোল রোনালদোর, শীর্ষে আল নাসের
দল বদলের বাজারে দলের নিষ্ক্রিয়তায় বেজায় রেগেছিলেন আল নাসেরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে নামেননি তিন ম্যাচ। অবশেষে মাঠে নামলেন সিআরসেভেন, দেখালেন নিজের চেনা রূপ। তার জোড়া গোলে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আল নাসের।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল হাজেমকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল নাসের। লিগে এটি আল নাসেরের টানা অষ্টম জয়। এই জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে টপকে লিগের শীর্ষে উঠে গেল তারা। বর্তমানে আল হিলালের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে আছে রোনালদোর দল।
জানুয়ারির দলবদলে ক্লাবের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে ধর্মঘট করেছিলেন ৪১ বছর বয়সী এই তারকা। যার ফলে লিগের দুটি এবং এএফসি কাপের একটি ম্যাচে তাঁকে পায়নি দল। তবে মাঠে ফিরতে খুব একটা সময় নেননি সিআরসেভেন।
ম্যাচের ১৩ মিনিটেই আল নাসেরকে লিড এনে দেন রোনালদো। পেনাল্টি এরিয়ার জটলার ভেতর থেকে কিংসলে কোমানের পাস খুঁজে নেয় তাঁকে। নিখুঁত নিয়ন্ত্রণে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি। এই গোলের মাধ্যমে একটি অনন্য রেকর্ড গড়লেন রোনালদো; ৩০ বছর বয়স হওয়ার পর এটি ছিল তাঁর ৫০০তম গোল!
ম্যাচের আধাঘণ্টার মাথায় ব্যবধান ২-০ করেন কিংসলে কোমান। জোয়াও ফেলিক্সের বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করেন এই ফরাসি ফরোয়ার্ড। বিরতির ঠিক আগে রোনালদো আবারও বল জালে পাঠিয়েছিলেন, তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
ম্যাচের ৭৭ মিনিটে স্কোরবোর্ডে নাম লেখান ব্রাজিলিয়ান তারকা অ্যাঞ্জেলো। নিজেদের অর্ধ থেকে একক প্রচেষ্টায় বল টেনে নিয়ে দুর্দান্ত এক গোল করেন তিনি। এর ১০ মিনিট পর আবারও জাল খুঁজে নেন রোনালদো। কোমানের কাছ থেকে পাওয়া পাস আড়াআড়ি শটে জালে পাঠান তিনি।

স্পোর্টস ডেস্ক