আর্জেন্টিনায় ধর্মঘটে নামছেন ফুটবলাররা
সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদ্রিও তাপিয়ার বিরুদ্ধে বিচারিক হয়রানির অভিযোগ আনা হয়। সামাজিক নিরাপত্তা অনুদানের অর্থ আত্মসাৎ করার অভিযোগে তাপিয়াকে ৫ মার্চ সাক্ষ্য দিতে আদালতে হাজির হতে বলেছেন এক বিচারক। এর প্রতিবাদে দেশটিতে সব ধরনের পেশাদার ফুটবল ম্যাচ স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৫ থেকে ৮ মার্চ পর্যন্ত এই ধর্মঘট পালন করবেন ফুটবলার ও ক্লাবগুলো। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) খবর ইএসপিএনের।
আর্জেন্টিনার কাস্টমস রেভিনিউ অ্যান্ড কন্ট্রোল এজেন্সি (আরকা) এএফএ-র বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। সংস্থাটির দাবি, ২০২৪ ও ২০২৫ সালে সামাজিক নিরাপত্তা খাতের প্রায় ১৯ বিলিয়ন পেসো (১৩ মিলিয়ন ডলার) বকেয়া রেখেছে ফুটবল অ্যাসোসিয়েশন। এই অভিযোগের ভিত্তিতেই গত ২০ ফেব্রুয়ারি বিচারক ডিয়েগো আমারান্তে তাপিয়ার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন এবং তাকে আগামী ৫ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
এই ঘটনার প্রতিবাদে লিগের কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে প্রথম বিভাগসহ সব লিগ ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি সংস্থার করা এই মিথ্যা অভিযোগের প্রতিবাদেই তারা মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাপিয়াই নন, এই মামলায় এএফএ-র কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনো ও সাধারণ সম্পাদক ক্রিস্টিয়ান মালাসপিনাসহ আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
ট্যাক্স কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, এএফএ নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিতে ব্যর্থ হয়েছে। তবে ফুটবল অ্যাসোসিয়েশন এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ট্যাক্সের টাকা বকেয়া থাকার কোনো সুযোগ নেই এবং পাওনা পরিশোধের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তারা সমস্ত অর্থ জমা দিয়ে দিয়েছে।

স্পোর্টস ডেস্ক