বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল
দেশের ক্রিকেটপাড়ায় এখন কৌতূহলের বড় জায়গাজুড়ে বিসিবি সভাপতির ফেরা না ফেরার আলাপ। গুঞ্জন উঠেছে, অস্ট্রেলিয়ায় যাওয়া আমিনুল ইসলাম বুলবুল আর দেশে ফিরবেন না। বিসিবি সভাপতির দায়িত্ব ছেড়ে দেবেন। অনেক কিছু বাতাসে ভাসলেও সবই উড়ো খবর।
কবে দেশে ফিরবেন তিনি, আদৌ ফিরবেন কি না, এসব নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ-র ইফতার আয়োজনে কথা বলেন তিনি। বুলবুল কবে ফিরবেন, ফারুক নিজেও অবশ্য নির্দিষ্ট করে বলতে পারছেন না সেটি।
ফারুক বলেন, ‘আমার কিছু জানা নেই। এই ব্যাপারে (বুলবুলের পদত্যাগ) আমি কিছু জানি না। আমি যতটুকু জানি, উনি ইদের পরে আসবেন।’
রোজা শুরুর আগে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে যান বুলবুল। দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকদের বুলবুল জানান, জরুরি পারিবারিক প্রয়োজনে তিনি দেশের বাইরে যাচ্ছেন। দ্রুত ফিরে আসবেন।
পরবর্তীতে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বুলবুল ভাই পারিবারিক কারণে দেশের বাইরে গিয়েছেন। অস্ট্রেলিয়ায় তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসবেন বলে আশা করছি।’

ক্রীড়া প্রতিবেদক