সূর্যবংশী এখন দ্রুততম ফিফটির মালিক
কয়েক ম্যাচ ধরে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারায় সমালোচনার মুখে পড়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে জবাবটা দিলেন নিজের ব্যাটেই। মাত্র ১১ বলে ফিফটি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের এই বিস্ময়বালক।
ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ রোববার (২১ জুন) শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে শুরু থেকেই ঝড় তোলেন ১৫ বছর বয়সী এই ওপেনার। বিধ্বংসী ব্যাটিংয়ে একপর্যায়ে মনে হচ্ছিল, দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও ভেঙে ফেলবেন তিনি।
শেষ পর্যন্ত তা আর হয়নি। ১০ চার ও ৮ ছক্কায় ৩২৪.১৩ স্ট্রাইক রেটে মাত্র ২৯ বলে ৯৪ রান করে আউট হন সূর্যবংশী।
ফাইনালে টস হেরে ভারত 'এ' দল প্রথমে ব্যাট করতে নামলে শুরু থেকেই রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। ইনিংসের মুখোমুখি প্রথম পাঁচ বলের প্রতিটিতেই বাউন্ডারি মারেন সূর্যবংশী। প্রথম তিন বলে হ্যাটট্রিক চারের পর বাকি দুই বলে মারেন বিশাল দুটি ছক্কা।
লিস্ট 'এ' ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এর চেয়ে কম বলে ফিফটি করতে পারেননি বিশ্বের আর কোনো ব্যাটার। এতদিন রেকর্ডটি ছিল শ্রীলঙ্কান ব্যাটার কৌশল উইরারত্নের। ২০০৫ সালে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে ১২ বলে ফিফটি করেছিলেন তিনি।
প্রায় ২১ বছর পর এবার ভারত 'এ' দলের জার্সিতে নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী।

স্পোর্টস ডেস্ক