অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তনের আভাস
বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে দারুণ এক জয় দিয়ে। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলের জয়ের পর এবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে ম্যাচটির আগে শেষ অনুশীলনে একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
আগামীকাল ২২জুন (সোমবার) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সেই লড়াইয়ের আগে ‘ক্লোজডোর’ অনুশীলনে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন গঞ্জালো মন্টিয়েল।
হ্যামস্ট্রিং চোট কাটিয়ে সতীর্থদের সঙ্গে পুরো অনুশীলন করলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না স্কালোনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, মন্টিয়েলের পরিবর্তে ডানপ্রান্তের রক্ষণে নাহুয়েল মোলিনাকে দেখা যেতে পারে। যদিও মন্টিয়েল স্কোয়াডে থাকবেন এবং প্রয়োজন হলে ম্যাচে নামতেও পারেন।
আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা থিয়েগো আলমাদার জায়গায় সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস। গতি, প্রেসিং এবং ফাঁকা জায়গা কাজে লাগানোর দক্ষতার কারণে অস্ট্রিয়ার বিপক্ষে তাকে এগিয়ে রাখছেন স্কালোনি।
আরেকটি বড় পরিবর্তন হতে পারে স্ট্রাইকার পজিশনে। চোট কাটিয়ে ফেরা হুলিয়ান আলভারেজকে শুরু থেকেই মাঠে নামানোর কথা ভাবছে কোচিং স্টাফ। সে ক্ষেত্রে বেঞ্চে যেতে হতে পারে লাউতারো মার্টিনেজকে। আলজেরিয়ার বিপক্ষে আলভারেজ বদলি হিসেবে নেমে ভালো ছন্দের আভাস দিয়েছিলেন।
তবে দলের মূল কাঠামোয় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনার খেলা প্রায় নিশ্চিত। মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দায়িত্ব পালন করবেন।
আর আক্রমণভাগে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে থাকা এই তারকার দিকেই থাকবে সমর্থকদের প্রধান নজর।
এদিকে অনুশীলনে সন্তোষজনক উন্নতি হলে লিয়েন্দ্রো পারেদেস ও নিকোলাস তালিয়াফিকোও এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেতে পারেন। সব মিলিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথ আরও সহজ করতে চায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক