মেসিকে পেছনে ফেললেন ইয়ামাল
উরুর চোটের কারণে স্পেনের প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন না লামিনে ইয়ামাল। অল্প সময় মাঠে নামলেও তেমন কিছু করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই নিজের আগমণী বার্তা দিলেন তরুণ এই তুর্কি। সেই সঙ্গে ভেঙে ফেললেন লিওনেল মেসির এক রেকর্ড।
সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে স্পেন। স্প্যানিশদের হয়ে ম্যাচের শুরুতেই গোলের খাতা খুলেন লামিনে ইয়ামাল। ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই গোল করেন তিনি। মিকেল ওয়ারজাবালের বাড়ানো নিচু ক্রস থেকে দারুণ ক্ষিপ্রতায় বল জালে জড়িয়ে স্পেনকে এগিয়ে দেন তিনি।
ইয়ামাল যখন এই গোল করেন তখন তার বয়স ১৮ বছর ৩৪৩ দিন। এতেই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকায় নাম লেখালেন তিনি। পেছনে ফেললেন লিওনেল মেসিকে। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বকাপ অভিষেকে গোল করার সময় মেসির বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। অর্থাৎ, মেসির চেয়ে মাত্র ১৪ দিন কম বয়সে বিশ্বকাপে গোল করলেন ইয়ামাল।
এখন বিশ্বকাপের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায় ইয়ামালের অবস্থান অষ্টম। এই তালিকার শীর্ষে অবশ্য এখনো বসে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ১৯৫৮ বিশ্বকাপে মাত্র ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন তিনি, যা এখনো অক্ষুণ্ন।
এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর ম্যানুয়েল রোসাস (১৮ বছর ৯৩ দিন)। তৃতীয় স্থানে রয়েছেন ইয়ামলের স্বদেশী গাভি (১৮ বছর ১১০ দিন)। তালিকার চার নম্বরে রয়েছেন সেনেগালের ইব্রাহিম এমবায়ে (১৮ বছর ১৪৩ দিন)।
বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকার পাঁচ নম্বরে রয়েছেন সাবেক ইংলিশ তারকা মাইকেল ওয়েন (১৮ বছর ১৯০ দিন)। ছয় নম্বরে রয়েছেন রোমানিয়ার নিকোলাই কোভাক্স (১৮ বছর ১৯৭ দিন)। তালিকার সাত নম্বর নামটি রাশিয়ার দিমিত্রি সিচেভের (১৮ বছর ২৩১ দিন)।
নতুন করে এই তালিকার আট নম্বরে নাম লেখালেন লামিনে ইয়ামাল (১৮ বছর ৩৪৩ দিন)। তাকে জায়গা ছেড়ে দিয়ে নয় নম্বরে নেমে গেলেন লিওনেল মেসি (১৮ বছর ৩৫৭ দিন)। তালিকার দশ নম্বর নামটি যুক্তরাষ্ট্রের জুলিয়ান গ্রিনের (১৯ বছর ২৫ দিন)।

স্পোর্টস ডেস্ক