শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন জয়সুরিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির লিজেন্ডারি ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া। শনিবার রাতে পাকিস্তানের কাছে ৫ রানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করার পরপরই তিনি এই সিদ্ধান্তের কথা জানান। যদিও লঙ্কান ক্রিকেট বোর্ডকে (এসএলসি) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।
বিদায়বেলায় জয়সুরিয়া বলেন, ‘আমার মনে হচ্ছে এখন অন্য কারো হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে। ইংল্যান্ড সিরিজ চলাকালেই আমি মনে মনে এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম বিশ্বকাপটা ভালোভাবে শেষ করে বিদায় নেব, কিন্তু ফল আমাদের পক্ষে আসেনি। এজন্য আমার খুব খারাপ লাগছে।’
২০২৪ সালের মাঝামাঝি সময়ে লঙ্কানদের দায়িত্ব নিয়েছিলেন জয়সুরিয়া। তাঁর অধীনে শ্রীলঙ্কা বেশ কিছু স্মরণীয় জয় পায়। এর মধ্যে ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে লঙ্কানরা। ওভাল টেস্টে ইংল্যান্ডকে হারানো এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করা ছিল তাঁর কোচিং ক্যারিয়ারের বড় সাফল্য।
তবে টেস্ট ও ওয়ানডেতে উন্নতি করলেও টি-টোয়েন্টি ফরম্যাটে জয়সুরিয়ার শেষ সময়টা ভালো কাটেনি। এবারের বিশ্বকাপে ঘরের মাঠে টানা চার ম্যাচে হেরে বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কাকে। এছাড়া গত এশিয়া কাপেও সুপার ফোরে কোনো ম্যাচ জিততে পারেনি তাঁর দল।
জয়সুরিয়ার বর্তমান চুক্তির মেয়াদ আগামী জুন পর্যন্ত। ১৩ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি এখনো অনিশ্চিত।
বোর্ড চাইলে সেই সিরিজে দায়িত্ব পালন করবেন কি না, এমন প্রশ্নে জয়সুরিয়া বলেন, ‘আমি এখনো বোর্ডকে কিছু জানাইনি। তাদের সাথে আলোচনা করতে হবে। তারা যদি নতুন কাউকে নিয়োগ দিতে চায়, তবে অবশ্যই সেটি করা উচিত।’
নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে জয়সুরিয়া আরও বলেন, ‘আমি যখন দায়িত্ব নেই, তখন ওয়ানডে র্যাঙ্কিংয়ে আমরা অনেক পিছিয়ে ছিলাম। সেখান থেকে দলকে চারে তুলে এনেছি। টেস্টেও উন্নতি হয়েছে। আমার কোচিং স্টাফরা আমাকে অনেক সাহায্য করেছেন বলেই এটা সম্ভব হয়েছে।’

স্পোর্টস ডেস্ক