নারী এশিয়ান কাপ
চীনের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ
প্রথমার্ধের ৪৪তম মিনিট থেকে যোগ করা সময়ের প্রথম মিনিট—এই তিন মিনিট বাদ দিলে পুরো ম্যাচে চীনের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। চীনের গোলরক্ষক অতিমানবীয় সেই সেভ না দিলে, পরিবর্তন আসতে পারত স্কোরলাইনেও। প্রথমবার এশিয়ার মঞ্চে গিয়েই নিজেদের প্রমাণ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। যোজন যোজন এগিয়ে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে আফঈদা খন্দকার-ঋতুপর্ণারা দেখিয়েছে লড়াকু মানসিকতা।
আজ মঙ্গলবার (৩ মার্চ) নারী এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের ১৩ মিনিটে ঋতুপর্ণা চাকমার বক্সের অনেকটা বাইরে থেকে শট নেন টপকর্ণারে। চীনের গোলরক্ষক কোনোমতে কর্ণারে বিনিময়ে সেটিকে রক্ষা করেন।
ম্যাচের ২৩ মিনিটে বাংলাদেশের জালে বল জড়িয়ে দিয়েছিল চীন। কয়েক মিনিট ধরে ভিএআর চেক করে সেটিকে অফসাইড ঘোষণা করেন রেফারি।
ম্যাচের ৪৪ মিনিটে ডেডলক ভাঙে চীন। বক্সের কিছুটা বাইরে থেকে দূরের পোস্টে শট নেন চীনের ওয়াং শুয়াং। ঝাপিয়ে সেটি রক্ষা করতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার।
দুই মিনিট পরই দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। যোগ করা সময়ের প্রথম মিনিটেও কিছুটা দূরপাল্লার শট নিয়েছিল চীনের ঝাং রুই। গোলরক্ষক বলের লাইনেই ছিলেন। কিন্তু নবিরন খাতুনের পায়ে লেগে বল রাস্তা পরিবর্তন করে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পায় বাংলাদেশ। ম্যাচের ৪৬ মিনিটে ঋতুপর্ণার ৩৬ গজ দূর থেকে নেওয়া শট চলে যায় পোস্টের পাশ ঘেঁষে।
৫৩ মিনিটে আক্রমণের ধার বাড়াতে ডিফেন্ডার নবিরনকে তুলে স্বপ্না রাণীকে বদলি নামায় বাংলাদেশ। এরপর আক্রমণে কিছুটা ধার বাড়ে বাংলাদেশের। তবে বাকিরা সেভাবে দমে কুলিয়ে উঠতে পারছিলেন না।
৬৮ মিনিটে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক মিলি। বক্সের বাইরে থেকে চীনের ডিফেন্ডার ঝ্যাং চেনগুয়ের দুরপাল্লার শট রুখে দেন তিনি।
ম্যাচের ৮৬ মিনিটে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় বাংলাদেশি বংশোদ্ভুত সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর। হালিমাকে তুলে তাকে মাঠে নামান কোচ পিটার বাটলার।
শেষ দিকে চেষ্টা করেছে দুই দলই। তবে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। চীন মাঠ ছেড়েছে ২-০ গোলের জয় নিয়ে।

স্পোর্টস ডেস্ক