কিরণকে একহাত নিলেন বাটলার
নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নসহ সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে পুরো ম্যাচেই চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলার বাঘিনীরা। সেজন্য ফুটবল ভক্ত থেকে শুরু করে প্রতিপক্ষ দল– সবারই প্রশংসায় ভেসেছেন ফুটবলাররা।
তবে ম্যাচের পরদিনই ঢাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উল্টো মন্তব্য করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘চায়না দল অনেক বেশি বয়স্ক। তারা মাঝেমধ্যে দাঁড়িয়ে গেছে। তারা অফফর্মে, ফর্ম নেই। আমি আগে চায়নার খেলা দেখেছি, এই ম্যাচ দেখে আমি স্পিসলেস হয়েছি। বাংলাদেশের আসল পরীক্ষা উত্তর কোরিয়ার ম্যাচ।’
কিরণের এমন মন্তব্য সহজভাবে নেননি নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলার। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সংবাদ সম্মেলনে এসে কিরণের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন তিনি। বাটলারের ভাষায় কিরণের বক্তব্য ‘কমপ্লিটলি ননসেন্স।’
সেই ম্যাচ শেষে দারুণ পারফরম্যান্সের কারণে চীনের ফুটবলাররা বাংলাদেশের ডাগআউটে এসে সম্মান জানিয়ে গিয়েছিলেন। কিন্তু তাদের নিয়ে কিরণের এমন বক্তব্যকে প্রতিপক্ষের জন্য অসম্মানজনক বলে মনে করেন বাটলার।
বাটলার বলেন, ‘চাইনিজ দল নিয়ে বাফুফের একজন সদস্যের এরকম মন্তব্য করা অসম্মানজনক এবং সম্পূর্ণ ভুল। তাদের প্রতি সম্মান জানানো উচিত। তারা অবশ্যই শক্তিশালী দল।’
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের নারী ফুটবল লিগ। যেখানে হরহামেশাই গোলের সংখ্যা ছাড়িয়েছে দুই অঙ্ক। ফলে লিগের মান নিয়ে প্রশ্ন উঠেছে। কিরণের সমালোচনা করতে গিয়ে বাটলার লিগের দুটি দলের উদাহরণ দিয়েছেন।
বাটলার বলেন, ‘তারা (চীন) নাসরিন স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে না, সবচেয়ে শক্তিশালী দলই তারা। তারা চাইনিজ সর্বোচ্চ লিগের ফুটবলার। চীনের খেলোয়াড়রা ফরাশগঞ্জ এফসি নয়, বরং পিএসজির হয়ে ফরাসি লিগে খেলেন।’
বাফুফে কর্তাদের ফুটবল জ্ঞান নিয়ে আগেও প্রশ্ন তুলেছেন বাটলার। কিরণের এমন মন্তব্যও প্রত্যাশিত ছিল বলেই জানালেন তিনি। বাটলার বলেন, ‘আমি মনে করি তার পক্ষ থেকে এটি (মন্তব্য) বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন, কিন্তু আমার কাছে এটা প্রত্যাশিতই ছিল।’

স্পোর্টস ডেস্ক