এক দশক পর ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান
পাকিস্তান দল দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০১৫ সালে। এক দশকেরও বেশি সময় পর আবারও বাংলাদেশ সফরে এলো তারা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ রোববার (৮ মার্চ) বাংলাদেশের এসে পৌঁছেছে পাকিস্তানের ক্রিকেটাররা। এসময় বিমান বন্দরে ফুল দিয়ে পাকিস্তান দলকে বরণ করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তান দলকে স্বাগত জানিয়ে বিসিবি নিজেদের অফিসিয়াল ফেসবুক স্ট্যাটাসে লিখেছে, ‘বাংলাদেশে স্বাগতম! বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ উপলক্ষে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঢাকায় এসেছে। মিরপুরে দুই দলই একটি দারুণ সিরিজ পার করবে, সেই আশা।’
এর আগে গতকাল আলাদা বহরে ঢাকায় আসেন পাকিস্তান দলের সাপোর্ট স্টাফরা।
সিরিজ শুরুর আগে সোমবার ও মঙ্গলবার পাকিস্তান দলের জন্য দুটি অনুশীলন সেশন নির্ধারিত আছে। এরপর আগামী ১১ মার্চ (বুধবার) মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ১৩ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর সোয়া দুইটা থেকে।

স্পোর্টস ডেস্ক