হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের লক্ষ্য ৮৮ রান
দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটেও সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। যেকারণে নির্ধারিত সময়ে টসও করা যায়নি। খেলা মাঠে গড়াল প্রায় আড়াই ঘণ্টা। ৯ ওভারের ম্যাচে বোলিংটা সেভাবে হয়নি বাংলাদেশের। যে কারণে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা।
আজ শনিবার (২ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রান তুলেছে শ্রীলঙ্কা।
টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশের ওপর চড়াও হয় শ্রীলঙ্কা। দুই ওপেনার চামারি আতাপাত্তু আর ইমেশা দুলহানি গড়েন ৪৩ রানের জুটি। ১০ বলে ১৯ রানের ইনিংস খেলে ইমেশা ফিরলে ভাঙে সেই জুটি।
লঙ্কানদের পরের ব্যাটাররা অবশ্য সেভাবে আর দায়িত্ব নিতে পারেননি। দ্রুতই ফিরে গেছেন হর্ষিতা সামারাবিক্রমা (৪ বলে ৩), হানসিমা করুনারত্নে (৪ বলে ২), নিলাকশিখা সিলভারা (২ বলে ১)।
তবে একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত খেলে যান আতাপাত্তু। শেষ বলে আউট হওয়ার আগে ঝড়ো ব্যাটিংয়ে ২৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। আর শেষদিকে নেমে ৭ বলে ১৫ রানের ইনিংস খেলেন কাভিশা দিলারি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন। একটি উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা।

স্পোর্টস ডেস্ক