বুধবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত বছরের অক্টোবরে। লম্বা সময় পর আবারও একদিনের ক্রিকেটে মাঠে ফিরছে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল।
এক দশকেরও বেশি সময় পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। বুধবার (১১ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সোয়া দুইটায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এছাড়াও অনলাইনে খেলা দেখা যাবে টফি অ্যাপে।
বাংলাদেশের জন্য এই সিরিজ সবদিক থেকেই অনেক গুরুত্বপূর্ণ। এমনিতেই সাম্প্রতিক সময়ে প্রিয় ফরম্যাট ওয়ানডের রঙিন পোশাকেও ধূসর বাংলাদেশ। তার ওপর দীর্ঘদিন পরে মাঠে ফিরে পারফর্ম করার চ্যালেঞ্জ তো আছেই।
অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ ওয়ানডে সুপার লিগের অংশ। তাই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে সিরিজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সব মিলিয়ে কিছুটা চাপ নিয়েই মাঠে নামতে হবে মিরাজ-শান্তদের।
মাঠের ক্রিকেটে নামার আগে পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে কথা বলছে না। এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় মোটে ৫টিতে, পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫ জয়ের চারটিই এসেছে ২০১৫ সালে।
তবে পরিসংখ্যানের বাইরে বাংলাদেশের জন্য স্বস্তির খবর হলো খেলাটা মিরপুরে। ঘরের মাঠে বরাবরই উজ্জ্বল বাংলাদেশ। মিরপুরের টাইগারদের রেকর্ডও পক্ষেই কথা বলে। এই মাঠে ২০১৫ সালে হওয়া দুই দলের সর্বশেষ দেখায়ও জয়টা বাংলাদেশেরই ছিল। সেবার ৩-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
বাংলাদেশের জন্য এ ম্যাচে আরেকটি সুবিধা হলো, পাকিস্তানের অনভিজ্ঞ স্কোয়াড। যে স্কোয়াড নিয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তান এর মধ্যে পাঁচ জনেরই ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয়নি। হয়তো আগামীকালই অভিষেক হতে পারে তিন জনের। অভিজ্ঞ বাংলাদেশকে যেটা হয়তো শক্তিই যোগাবে।
সব সুবিধা নিয়ে বাংলাদেশও সিরিজ জিততে চায়। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মিরাজ বলেছেন, ‘আমাদের মনে রাখতে হবে বিশ্বকাপে আমাদের সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হবে। তাই আমরা যে দলগুলোর সাথে খেলব সেসব দলের বিপক্ষে আমরা ঘরের কন্ডিশনের সুবিধা নেওয়ার চেষ্টা করব।’
বাংলাদেশকে সমীহ করলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি। তিনি বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের একটি ভাল দল আছে এবং তারা হোম কন্ডিশনে খুব ভাল ক্রিকেট খেলে থাকে। আমরাও দল হিসেবে প্রস্তুত। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে আমরা সর্বশেষ দুই ওয়ানডে সিরিজ জিতেছি। সেই ধারা অব্যাহত রাখতে চাই।’

স্পোর্টস ডেস্ক