বিশ্বকাপে ইরান কী করবে? যা বললেন ফিফা সভাপতি
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর দেড় মাসেরও কম সময় বাকি আছে। এশিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট কেটেছে ইরান। এরপরও তাদের বিশ্বকাপে অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে ক্ষণে ক্ষণেই বাঁকবদল হচ্ছে ইরানের বিশ্বকাপে খেলার সিদ্ধান্তে।
এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সহ-আয়োজক দেশ কানাডায় বসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কংগ্রেস। সেখানে প্রতিটি সদস্য দেশের প্রতিনিধিরা অংশগ্রহণে করছেন। গত বুধবার ইরানের প্রতিনিধি দলও কানাডায় গিয়েছিল। তবে তাদেরকে দেশে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
এরপরই নতুন করে গুঞ্জন শুরু হয় ইরান বিশ্বকাপে অংশ নেবে তো? যদিও গ্রুপ পর্বে তাদের সবগুলো ম্যাচই রাখা হয়েছে যুক্তরাষ্ট্রে। সেই গুঞ্জনের জবাব দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আবারও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইরান বিশ্বকাপে অংশ নেবে।
আরো পড়ুন : শেষের খুব কাছে চলে এসেছেন রোনালদো!
ফিফা কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ইরান অবশ্যই ২০২৬ বিশ্বকাপে খেলবে এবং তারা যুক্তরাষ্ট্রেই খেলবে। ফিফার কাজ মানুষকে ঐক্যবদ্ধ করা এবং সবাইকে কাছাকাছি আনা। বর্তমানে ফিফার কোনো সদস্য দেশ নিষিদ্ধ নয় এবং কাউকে বাদ দেওয়ার মতো কোনো পরিস্থিতিও তৈরি হয়নি।’
এদিকে, কানাডায় ঢুকতে না দেওয়ার ঘটনায় ইরানি গণমাধ্যমের দাবি, ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজসহ কর্মকর্তাদের সঙ্গে কানাডার অভিবাসন কর্মকর্তারা ‘অপমানজনক’ আচরণ করেছেন। ফলে তাঁরা ক্ষোভে দেশে ফিরে যান। যদিও পরে জানা গেছে, দুজনকে অনুমতি দেওয়া হলেও একজনকে আটকে দেওয়ায় পুরো দল কংগ্রেস বর্জন করে।
কানাডার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা থাকায় এই জটিলতা তৈরি হয়েছে। তবে কানাডার পররাষ্ট্রমন্ত্রী একে ‘অনিচ্ছাকৃত’ ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।
আরো পড়ুন : গোপনে নারীদের ভিডিও ধারণ, গ্রেপ্তার দুই ক্রিকেটার
ইরানের অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যও বেশ ইতিবাচক। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানান, ফিফা সভাপতি যদি ইরানকে খেলাতে রাজি থাকেন, তবে তাঁরও কোনো আপত্তি নেই। এর আগে মার্চ মাসে ট্রাম্প ইরানকে যুক্তরাষ্ট্রে ‘স্বাগত’ জানালেও নিরাপত্তার স্বার্থে তাঁদের টুর্নামেন্টে না আসার পরামর্শ দিয়েছিলেন।
সূচি অনুযায়ী ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইরান। ২১ জুন একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরান।

স্পোর্টস ডেস্ক