বিশ্বকাপ খেলতে ইরানকে নতুন শর্ত দিল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত বন্ধের চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। বর্তমানে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলছে উভয় পক্ষের মধ্যে। স্থায়ী সমঝোতা না এলে আবারও শুরু হতে পারে যুদ্ধ। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ঝুলে আছে ইরানের ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি।
এবার ইরানের ফুটবলারদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন এক শর্তের কথা জানিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই শর্ত জুড়ে দেন। মার্কিন গণমাধ্যম রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
মার্কো রুবিও স্পষ্ট করে জানিয়েছেন, ফুটবলাররা যুক্তরাষ্ট্রে এসে খেলতে পারবেন, কিন্তু তাঁদের সঙ্গে 'ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী'র (আইআরজিসি) কোনো সদস্য বা সংশ্লিষ্ট কেউ থাকতে পারবেন না।
রবিও বলেন, ‘২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের খেলোয়াড়দের অংশগ্রহণে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই। তবে খেলোয়াড়রা যেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কাউকে সঙ্গে নিতে না পারে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের (ফুটবলার) আসতে বাধা দেওয়া হয়েছে, এমন কোনো কথা বলা হয়নি।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক বক্তব্যে জানিয়েছিলেন যে, তাঁর প্রশাসন খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব ফেলতে চায় না। ট্রাম্পের মতে, খেলোয়াড়দের জীবন ও নিরাপত্তার স্বার্থে বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি চান না কোনো রাজনৈতিক উত্তেজনার কারণে সাধারণ অ্যাথলেটরা ক্ষতিগ্রস্ত হোক।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্বকাপের ২৩তম আসর। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই রাখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুদ্ধের কারণে ইরান এর আগে তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও ফিফা তা নাকচ করে দেয়।
এদিকে, ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি ইরানের পরিবর্তে ইতালিকে খেলানোর একটি প্রস্তাব দিয়েছিলেন। ফিন্যান্সিয়াল টাইমসকে তিনি বলেছেন, নিশ্চিত করছি যে, আমি ট্রাম্প ও ইনফান্তিনোকে পরামর্শ দিয়েছি, যাতে বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্বকাপের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে ফিফার একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ফিফার আপাতত এ ধরনের কোনো পরিকল্পনা নেই।

স্পোর্টস ডেস্ক