ইরানের অনুশীলন মাঠের সামনে থেকে মরদেহ উদ্ধার
শুরুতে ইরানের বেসক্যাম্প করার ছিল যুক্তরাষ্ট্রে। কিন্তু ভিষা জটিলতার কারণে ক্যাম্পের ভেন্যু বদলে মেক্সিকোতে করে ইরান। বর্তমানে মেক্সিকোর টিজুয়ানা শহরে ক্যাম্প করছে এশিয়ার দেশটি। সেখানেই ঘটেছে অপ্রত্যাশিত এক ঘটনা। ইরানের টিম হোটেলের কাছে থেকে এক ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, ইরান দল যে ম্যারিয়ট হোটেলে থাকছে, তার কাছেই কালিয়েন্তে স্টেডিয়ামে প্রতিদিন অনুশীলন করছে দলটি। স্টেডিয়ামের ঠিক উল্টোদিকে একটি সুপারমার্কেটের পার্কিং লটে গত বুধবার থেকে একটি ধূসর রঙের টয়োটা গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। শুক্রবার গাড়িটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি তল্লাশি করে ট্রাঙ্কের ভেতর থেকে কালো প্লাস্টিকের ব্যাগে মোড়ানো একটি মরদেহ উদ্ধার করে। স্থানীয় প্রসিকিউটর অফিসের বরাতে জানা গেছে, মরদেহে আঘাত ও সহিংসতার স্পষ্ট চিহ্ন রয়েছে। ফরেনসিক দল এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে মেক্সিকোর এই শহরকে নিজেদের বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছিল ইরান ফুটবল দল।

স্পোর্টস ডেস্ক