ইরানের ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নতুন নিয়ম
গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কিন্তু এই সময়ের মধ্যেও এশিয়ান দেশ ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে নানা জটিলতা ছিল। এবার সব জটিলতার অবসান হলো। ইরানের ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নতুন নিয়ম জানাল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।
মূলত জটিলতা তৈরি হয়েছিল ইরানের ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময়সীমা নিয়ে। সম্প্রতি মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান দলকে ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে এবং সেদিনই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে তাদের।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সহ ফুটবল বিশ্বে আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। কারণ ভ্রমণ ক্লান্তি ফুটবলারদের মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলবে।
তবে বিষয়টি নিয়ে মঙ্গলবার (৯ জুন) ডিএইচএস এর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, খবরটি সত্যি নয়। বিবৃতিতে বলেন, ‘এই খবরগুলো অসত্য। প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের উদারতার জন্য ইরান দল তাদের ম্যাচের আগের দিন (যুক্তরাষ্ট্রে) পৌঁছতে পারবে।’
যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া নিয়ে শুরু থেকেই জটিলতায় ছিল ইরান। বিশ্বকাপের প্রস্তুতির জন্য তাদের বেইস ক্যাম্প অ্যারিজোনায় হওয়ার কথা থাকলেও ভিসার নিশ্চয়তা না থাকায় তা সরিয়ে মেক্সিকোর টিহুয়ানায় নিতে হয়েছিল। তুরস্কে তিন সপ্তাহের ক্যাম্প শেষে ইরান দল এখন মেক্সিকোর টিহুয়ানায় অবস্থান করছে।
ইরানের ফুটবল ফেডারেশনের তথ্য মতে, তাদের প্রথম ম্যাচের ১০ দিন আগে, গত শুক্রবার যুক্তরাষ্ট্র সব খেলোয়াড়কে ভিসা দিলেও, ‘ম্যানেজার ও প্রধান কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে’ ভিসা দেওয়া হয়নি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা শুরুর পর বিশ্বকাপ খেলা নিয়ে ইরান ফুটবল ফেডারেশনের মধ্যে ব্যাপক শঙ্কা তৈরি হয়েছিল। সে সময় তারা যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে আপত্তিও জানিয়েছিল। পরবর্তীতে অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরান দলকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে ইরান। লস অ্যাঞ্জেলেসে ১৫ জুন নিউ জিল্যান্ড এবং ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরান।

স্পোর্টস ডেস্ক